মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

উপাচার্য পুনর্বহালের দাবিতে ১৫ দিন ধরে অচল চুয়েট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
উপাচার্য পুনর্বহালের দাবিতে ১৫ দিন ধরে অচল চুয়েট

উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অচলাবস্থা ১৫ দিনে গড়িয়েছে। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। আন্দোলনে সংহতি জানিয়ে কর্মবিরতি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও।

অচলাবস্থার কারণে অন্তত ছয়টি বিভাগের বিভিন্ন বর্ষ ও সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত হয়েছে। এসব পরীক্ষার নতুন সময়সূচিও দেওয়া হয়নি। ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম পিছিয়ে যাচ্ছে। অচলাবস্থা দীর্ঘ হলে সেশনজটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

গত ১৪ দিন শিক্ষার্থীদের আন্দোলন চুয়েট ক্যাম্পাসকেন্দ্রিক থাকলেও মঙ্গলবার (৬ অক্টোবর) চট্টগ্রাম নগরের চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তাঁরা। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর মধ্যে ৯৯ শতাংশই যৌক্তিক ও ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছেন।

মানববন্ধনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে শিক্ষার্থীরা বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ আদর্শ সামনে রেখে নতুন ও সমৃদ্ধ দেশ গঠনে যে নবজাগরণের স্বপ্ন দেখানো হয়েছে, চুয়েটের শিক্ষার্থীরা সেই দেশেরই তরুণ প্রজন্ম। তাঁদের প্রত্যাশা, প্রধানমন্ত্রী তাঁদের যৌক্তিক দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।

শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রী ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষের প্রতি সহানুভূতিশীল। চুয়েটের প্রায় ৯৯ শতাংশ শিক্ষার্থীর যৌক্তিক দাবিও তিনি গুরুত্বসহকারে বিবেচনা করবেন বলে তাঁদের বিশ্বাস।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিভিন্ন মাধ্যমে তাঁদের হুমকি দেওয়ার বিষয়টি এরই মধ্যে সামনে এসেছে।

শিক্ষার্থীরা বলেন, ‘প্রধানমন্ত্রী, আপনি আমাদের অভিভাবক। একজন অভিভাবক হিসেবে আপনি যেমন আপনার সন্তানের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকেন, তেমনি দেশের হাজারো শিক্ষার্থীকেও আপনার সন্তানের মতো বিবেচনা করবেন—এটাই আমাদের প্রত্যাশা।’

তথ্য অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্যের পদ থেকে অব্যাহতি দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর প্রতিবাদে ওই রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরদিন থেকে শুরু হয় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি।

পরবর্তী সময়ে লাল কার্ড প্রদর্শন, মশাল মিছিল, মুখোশ মিছিল, চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ, অবস্থান ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ৫ অক্টোবর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও উপাচার্য ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলনে সংহতি জানান।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী যুলকারনাইন মিহাদ বলেন, ‘আজকে আমাদের আন্দোলনের ১৫তম দিন। আমরা ক্লাস-পরীক্ষা বন্ধ রাখতে চাই না। আমাদের শিক্ষাজীবনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্বার্থে যে দাবিতে আমরা আন্দোলনে নেমেছি, সেটির গ্রহণযোগ্য সমাধান না হওয়া পর্যন্ত ফিরে যাওয়ার সুযোগ নেই।’

আরেক শিক্ষার্থী বলেন, ‘১৫ দিন ধরে ক্যাম্পাস অচল। এতে আমাদের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, একাডেমিক ক্যালেন্ডারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত সমাধান হলে আমরা সবচেয়ে বেশি স্বস্তি পাব। আমরা চাই আলোচনার মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত আসুক এবং চুয়েটে স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক।’

বর্তমান আন্দোলনে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও যুক্ত হয়েছেন। শিক্ষক সমিতি এবং কর্মকর্তা-কর্মচারী সমিতির সদস্যরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন। আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে দীর্ঘস্থায়ী স্থবিরতা তৈরি হয়েছে।

নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম অনলাইনে দায়িত্ব গ্রহণ করলেও আন্দোলনের কারণে ক্যাম্পাসে তাঁর সরাসরি কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ‘আমাদের কর্মসূচি অব্যাহত রয়েছে। সমস্যা সমাধানে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

ভৈরব রুটে ট্রেনে হামলার অভিযোগ, গুরুতর আহত কটিয়াদীর তরুণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
ভৈরব রুটে ট্রেনে হামলার অভিযোগ, গুরুতর আহত কটিয়াদীর তরুণ

কিশোরগঞ্জের কটিয়াদীর এক তরুণকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ভৈরবগামী এগারসিন্দুর প্রভাতী ট্রেনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই তরুণকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত তরুণের নাম মো. মামুন মিয়া (২২), ডাকনাম তরিকুল। তিনি কটিয়াদী উপজেলার বনগ্রাম এলাকার হুমায়ুন মিয়ার ছেলে। তরিকুল একটি আইসক্রিম কোম্পানিতে চাকরি করেন। তাঁর কর্মস্থল ভৈরবে।

ভুক্তভোগীর মামা শিব্বির আহমদ (মাসুদ) জানান, মঙ্গলবার সকাল কর্মস্থলে যাওয়ার পথে তরিকুল এগারসিন্দুর প্রভাতী ট্রেনে ভৈরবের উদ্দেশে রওনা হন। আনুমানিক সোয়া ৮টার দিকে জগন্নাথপুর – ভৈরব রেলস্টেশন এলাকায় দুই থেকে তিনজন তরুণ তাঁর ওপর হামলা করে তাঁকে ট্রেন থেকে ফেলে দেয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় তরিকুল গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শিব্বির আহমদ (মাসুদ) বলেন, ঘটনার বিষয়ে এখনো কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রেলপথে প্রতিদিন কর্মজীবী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভৈরবসহ আশপাশের এলাকায় যাতায়াত করেন। বিশেষ করে কর্মস্থলে যাতায়াতের ক্ষেত্রে ট্রেন অনেকের নিয়মিত বাহন। চলন্ত ট্রেনে হামলা বা যাত্রীকে ফেলে দেওয়ার মতো অভিযোগ যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করে। এমন ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত, ঘটনার কারণ উদ্ঘাটন এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

মিঠামইনে আগুনে বসতঘর-সারের গুদাম পুড়ে কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ
মিঠামইনে আগুনে বসতঘর-সারের গুদাম পুড়ে কোটি টাকার ক্ষতি

সংগ্রহীত ছবি

কিশোরগঞ্জের মিঠামইনে গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দুই তলা টিনশেডের একটি বসতঘর ও সারের গুদাম পুড়ে গেছে। এতে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ১০ কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় মিঠামইন ফায়ার সার্ভিস। খবর পেয়ে মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে দুই তলা টিনশেডের বসতঘর ও সারের গুদামটি ক্ষতিগ্রস্ত হয়। ভবনটিতে মোট ১৫টি কক্ষ ছিল।

মিঠামইন ফায়ার সার্ভিস স্টেশনের লিডিংম্যান তানভীর হাসান বলেন, “রান্নার সময় গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনে দুই তলা টিনশেডের বসতঘর ও সারের গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটিতে মোট ১৫টি কক্ষ ছিল।”

তিনি আরও বলেন, “আগুনে আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে প্রায় ১০ কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।”

আটক আসামিকে ছেড়ে দেওয়া নিয়ে প্রশ্ন, স্বাক্ষরহীন রি-কল দেখাল ভৈরব থানা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
আটক আসামিকে ছেড়ে দেওয়া নিয়ে প্রশ্ন, স্বাক্ষরহীন রি-কল দেখাল ভৈরব থানা

কিশোরগঞ্জের ভৈরব থানায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক এক আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে। সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে আরিয়ান খুলুদ নামের ওই আসামিকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

তবে ওসি মাহবুবুর রহমানের দাবি, আসামির পক্ষে আদালতের আদেশের রি-কল থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও ওসির দাবিকৃত রি-কলে কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ চক্রবর্তীর নাম থাকলেও তাঁর স্বাক্ষর না থাকায় রি-কলটি আসল নাকি নকল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহলের লোকজন।

খোঁজ নিয়ে জানা যায়, ভৈরব থানার মামলা নম্বর-৩৯ (৩) ২০২৬ এবং সি.আর. মোকদ্দমা নম্বর-৩৯/২০২৬-এর আসামি আরিয়ান খুলুদ। মামলাটির ধারাগুলো হলো- দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৩২৩/৩০৭/৩৮৪/৪২৭/৪৪৭/৫০৬(১)/৫০০/৩৪ এবং ৭/৩০ বিশেষ ক্ষমতা আইন। তাঁর বিরুদ্ধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের কাছে দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল বলে জানা গেছে।

সোমবার পর্তুগালের উদ্দেশ্যে বিদেশে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ আরিয়ান খুলুদকে আটক করে ভৈরব থানা পুলিশকে বিষয়টি জানায়। পরে সোমবার বেলা ১১টার দিকে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) শক্তি পদ মৃধা বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। এরপর বেলা ২টার দিকে আরিয়ান খুলুদকে ভৈরব থানায় নিয়ে আসা হয়।

অভিযোগ রয়েছে, আসামিকে ছাড়িয়ে নিতে ওইদিন বিকেল থেকে রাত পর্যন্ত একটি প্রভাবশালী মহল ওসি মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করে। পরে মোটা অঙ্কের টাকার বিনিময়ে গভীর রাতে থানা থেকে আরিয়ান খুলুদকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, শহরের ভৈরবপুর উত্তরপাড়ার মৃত বশির মিয়ার ছেলে আরিয়ান খুলুদের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে বলে জানা গেছে। একটি সূত্র জানায়, চারটি মামলার মধ্যে একটি মামলায় তিনি খালাস পেয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, ৩৭(১)২০২৬ নম্বর মামলায় আসামি আরিয়ান খুলুদ গত ৩ মে ২০২৬ আদালতে হাজির হলে কিশোরগঞ্জ দায়রা ও জজ আদালতের বিচারকের আদেশে জামিনে মুক্তি পান। দীর্ঘদিন অর্থাৎ প্রায় পাঁচ মাস পেরিয়ে গেলেও ওই রি-কল ভৈরব থানায় জমা হয়নি বলে দাবি করা হয়েছে।

সোমবার দুপুরে ইমিগ্রেশন পুলিশ এসআই শক্তি পদ মৃধার কাছে আরিয়ান খুলুদকে হস্তান্তর করার পর তাঁকে ভৈরব থানায় নেওয়া হয়। পরে ওইদিন রাতে কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ চক্রবর্তীর স্বাক্ষরবিহীন একটি রি-কল দেখিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। স্বাক্ষরবিহীন ওই রি-কলের কপি গোয়েন্দা সংস্থা ও সাংবাদিকরা ভৈরব থানা পুলিশের কাছ থেকে সংগ্রহ করেছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

রি-কলের বিষয়ে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান শৈলীর সঙ্গে কথা হলে তিনি ওসিকে ফোন করে স্বাক্ষরযুক্ত রি-কল পাঠাতে বলেন। তবে দীর্ঘক্ষণ পর ওসি মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি স্বাক্ষরযুক্ত রি-কল পাঠাতে পারেননি বলে জানা গেছে।

ভৈরব থানার এসআই শক্তি পদ মৃধা বলেন, “আরিয়ান খুলুদ পর্তুগালের উদ্দেশ্যে ইমিগ্রেশন পার হওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় হওয়া মামলার বাদী তাহমিনা বেগম ইমিগ্রেশন পুলিশকে বিষয়টি অবগত করলে তারা আসামির পাসপোর্ট ব্লক করে দেয়।”

তিনি বলেন, “সোমবার বেলা ১১টায় ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে খুলুদকে নিয়ে দুপুরে থানায় আসি। এই মামলার রি-কল থানায় জমা ছিল না। গতকাল রাতে রি-কলটি থানায় জমা দেওয়া হলে ওসি স্যার তা যাচাই-বাছাই করেন। যেহেতু যাচাই-বাছাই করে রি-কলটি সঠিক হওয়ায় এসপি স্যারের নির্দেশে তাকে রাতে ছেড়ে দেওয়া হয়।”

এসআই শক্তি পদ মৃধা আরও বলেন, “তার নামে চারটি মামলা রয়েছে, এর মধ্যে একটি মামলায় আদালত থেকে খালাস পেয়েছে। বাসস্ট্যান্ডের বিভিন্ন মারামারি মামলা ছিল তার বিরুদ্ধে। সে কোনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নয়। বিদেশে যেহেতু চলে যাবে, এখানে একটি সুযোগ পেয়েছে।”

আসামিকে ছেড়ে দেওয়ার ঘটনায় মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে কি না জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন।

এ বিষয়ে ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, “পাসপোর্ট লক থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এর আগে থানা থেকে আবেদন দেওয়ার পর কোর্ট থেকে পাসপোর্টটি লক করা হয়। ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে আটক হওয়া আসামি আরিয়ান খুলুদকে ভৈরব থানায় নিয়ে এসে যাচাই-বাছাই করে দেখলাম, তার বিরুদ্ধে কোনো কিছু নেই, কোনো মামলাও নেই, ওয়ারেন্টও নেই। যার জন্য খুলুদকে ছেড়ে দেওয়া হয়েছে।”

রি-কলের কপিতে বিচারকের স্বাক্ষর না থাকার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, “রি-কলটি আমার কাছে আগে থেকেই আছে। আমি তো কোর্ট থেকে খবর নিয়েছি, সে জামিনে আছে।”

এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, “আমরা কোর্ট থেকে অরিজিনালটি আনছি। ফোনে যাচাই-বাছাই করেছি, রি-কলটি সঠিক আছে। তার বিরুদ্ধে চারটি মামলা আছে, চারটিতেই জামিনে আছে।”

তিনি আরও বলেন, “আপনি চাইলে রি-কলের কপিটি আপনাকে দিতে পারি। ইমিগ্রেশনে যে লক থাকে, সেটি খোলেনি। আবেদন দিলে ব্লকটি খুলে দেবে। রাতেই কনফার্ম হয়েছি, সবগুলোতে জামিনে আছে। আপনারা যেটা পেয়েছেন, সেই কাগজ কে দিয়েছে, আমি জানি না। মূলত সই ছাড়া- এটা তো তথ্য। সই ছাড়া রি-কল হয় না। অনেক সময় ফোনে নিয়ে নেয় না, সেটাই হয়েছে মনে হয়। ওসিকে বলে দিচ্ছি, সইযুক্ত কপিটি যেন আপনাকে পাঠায়।”