কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২টি বসতঘর পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল। শনিবার তিনি ভৈরবের জিয়ানগর এলাকার পুড়ে যাওয়া ঘরবাড়ি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে পুড়ে যাওয়া ঘরবাড়ি দ্রুত পুনঃর্নির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় রাস্তার কাজ দ্রুত অনুমোদনের উদ্যোগ নেওয়ার কথা জানান।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, “আমাদের বাচ্চারা বড় হচ্ছে, আমাদের রাস্তাও বড় করতে হবে। তা আমাদের নিজেদেরই করতে হবে। যাতে প্রয়োজনের সময়, বিপদের সময় অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারে। তাহলে আমরা প্রয়োজনের সময় দ্রুত সাহায্য পাব।”
বৃহস্পতিবার সন্ধ্যায় ভৈরব পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চণ্ডিবের জিয়ানগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২২টি বসতঘর পুড়ে যায়। ঘরগুলোতে থাকা আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। এতে কয়েকটি পরিবার ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চণ্ডিবের এলাকার একটি সড়কের বৈদ্যুতিক খুঁটিতে শর্টসার্কিট হওয়ার পর কালাম মিয়ার বাড়ির একটি বসতঘরের ফ্রিজে আগুন ধরে যায়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরবাড়িতে ছড়িয়ে পড়ে। চণ্ডিবের ঘুড়ি মার্কা ভবনের পাশের সরু গলিতে একের পর এক বসতঘর আগুনে পুড়ে যায়।
খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা দেখে ভৈরব নদী ফায়ার স্টেশন থেকে দুটি এবং ব্রাহ্মণবাড়িয়া ফায়ার স্টেশন থেকে আরও একটি ইউনিট ঘটনাস্থলে আনা হয়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ময়মনসিংহ-১২ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর আজিজুল হক রাজন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ঘটনাস্থলের সরু রাস্তা ও পানির স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানতে কাজ চলছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
অগ্নিকাণ্ডে কালাম মিয়া, মতি মিয়া, আহমেদ মিয়া, মহব্বত মিয়া, ফজলু ও আয়েত আলীসহ কয়েকটি পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি, ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
প্রতিবেশী হেলেনা বেগম ও তাকমিনা বেগম বলেন, চোখের সামনে স্বজনদের ঘর পুড়ে যেতে দেখেছেন তাঁরা। পাকা ঘর থাকায় কোনোভাবে প্রাণে বেঁচেছেন বলে জানান তাঁরা।
স্থানীয় বাসিন্দা আবু বক্কর বলেন, মাগরিবের নামাজ শেষে রাস্তায় দাঁড়িয়ে থাকার সময় চিৎকার-চেঁচামেচি শুনে ঘটনাস্থলে গিয়ে আগুন দেখতে পান। তাঁর ভাষ্য, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অধিকাংশই দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। কেউ আইসক্রিম বিক্রি, কেউ চায়ের দোকানে চাকরি এবং কেউ রিকশা-অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
ভিপি সোহেলের পরিদর্শনের সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। পাশাপাশি অগ্নিকাণ্ডের এলাকার রাস্তা প্রশস্ত করার প্রয়োজনীয়তার বিষয়টিও গুরুত্ব পায়, যাতে ভবিষ্যতে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাজ করেছেন।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array