দুই দিনের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে কনসার্ট বাতিলের ঘটনায় সাংস্কৃতিক কর্মকাণ্ডের নিরাপত্তা ও স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অন্তর্বর্তী সরকারের পর নির্বাচিত সরকারের সময়েও একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ায় সংস্কৃতি অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে।
এ ঘটনায় শিল্পী, আয়োজক ও সংগীতপ্রেমীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বৈধ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা, নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা এবং কোনো পক্ষের আপত্তির ভিত্তিতে অনুষ্ঠান বাতিলের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠছে।
জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বলেন, ‘সংস্কৃতি আমাদের প্রধান পরিচয়। সে জায়গা থেকে এভাবে কনসার্ট বাতিল হওয়ার ঘটনা মোটেও ভালো লক্ষণ নয়।’
তিনি বলেন, ‘এখানে প্রশাসনের বড় ভূমিকা রয়েছে। তারা কী ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতে কী করবে, সেটাই এখন দেখার বিষয়। কোনো একটি পক্ষ আপত্তি করল আর তার কারণে প্রশাসন অনুষ্ঠান বাতিল করে দিল—এমনটা তো হতে পারে না। এটি সরাসরি সংস্কৃতির ওপর হুমকি।’
ন্যান্সির ভাষ্য, ‘ধরলাম, কোনো একটি গোষ্ঠী কোনো একটি অনুষ্ঠানের ব্যাপারে আপত্তি করল। কিন্তু সেই আপত্তির যদি কোনো যৌক্তিক কারণ না থাকে, তাহলে তাদের ভালো না লাগার কারণে অন্যদের অধিকারেও তো আঘাত করা যায় না।’
তিনি আরও বলেন, ‘কারও বা কোনো গোষ্ঠীর কোনো কিছু ভালো না-ও লাগতে পারে। কিন্তু দু-একজনের ব্যক্তিগত চিন্তা বা অপছন্দের কারণে একটি দেশের সংস্কৃতি এভাবে হুমকির মুখে পড়তে পারে না। এখানে প্রশাসনেরই বড় ভূমিকা পালন করা উচিত।’
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীতশিল্পী বলেন, কোনো বৈধ সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আপত্তি থাকলে তার যৌক্তিকতা যাচাই করা প্রয়োজন। প্রয়োজনে আইন ও বিধিবিধান মেনে বিষয়টির সমাধান করতে হবে। তবে অযৌক্তিক আপত্তির কারণে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া কোনো সমাধান নয় বলে মনে করেন তিনি।
ন্যান্সি বলেন, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়েরও এ বিষয়ে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। নিরাপত্তার অজুহাত দেখিয়ে কেন একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করতে হবে? আমরা তো কোনো জঙ্গি রাষ্ট্রে বাস করছি না। আমাদের পরিস্থিতি পাকিস্তানের মতোও নয়।’
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। কোনো অনুষ্ঠানে সমস্যা বা হুমকি তৈরি হলে তা মোকাবিলা করে শিল্পী ও দর্শকের নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের দায়িত্ব।
Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array