মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

কটিয়াদীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

মাইনুল হক মেনু প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কটিয়াদীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর বাংলাদেশে ১৪ই ডিসেম্বর তারিখের দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৭১ সালের ১০ই ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রায় সকল প্রথম শ্রেণীর বুদ্ধিজীবীকে হত্যা করে। বাংলাদেশীদের মধ্যে এ কাজে পাকিস্তানি সেনাদেরকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছিল আল বদর, রাজাকার, আল শামস বাহিনীর সদস্যরা।
আজ ১৪ ডিসেম্বর রোববার সকাল ১১টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) লাবনী আক্তার তারানা ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওসমান গনি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটিকমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.ইসমাঈল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আবুল খায়ের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আসমা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, কটিয়াদী উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম রফিক, উপজেলা যুবদলের আহবায়ক মো. মাহবুবুর রহমান মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, কটিয়াদী প্রেস ক্লাবের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু, ছাত্র প্রতিনিধি মো. আব্দুল আল রোমান, জুলাই যোদ্ধা মো. আফজাল হোসেন, মো. জহিরুল ইসলাম জহির সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের মুক্তিবাহিনীর চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সাথে রাজাকার, আল বদর, আল শামস বাহিনী বাংলাদেশের অসংখ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে তাঁদের নির্যাতনের পর হত্যা করে, জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়ন করেছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। শহীদদের আদর্শ ও চিন্তাধারা ধারণ করে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবিদের আত্নার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জে ৩৯ পিস ইয়াবাসহ শীর্ষ মাদককারবারি আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ৩৯ পিস ইয়াবাসহ শীর্ষ মাদককারবারি আটক

কিশোরগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে ৩৯ পিস ইয়াবাসহ আ. মান্নান (৩৫) নামে এক শীর্ষ মাদককারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঞা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার (২০ এপ্রিল) রাতে সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় ফাল্গুনী সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আ. মান্নান কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তিনি এলাকায় তালিকাভুক্ত একজন শীর্ষ মাদককারবারি।

গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালায়। দীর্ঘ নজরদারির পর অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আ. মান্নান পালানোর চেষ্টা করলে চারদিক থেকে ঘেরাও করে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৩৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী এসআই মামুনুর রশিদ জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন এবং তরুণ সমাজকে বিপথগামী করছিলেন। মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ওসি মোহাম্মদ আবুল কামাল ভূঞা বলেন, “মাদক ও কিশোর গ্যাং নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জালুয়াপাড়া এলাকা থেকে চিহ্নিত মাদককারবারি মান্নানকে ইয়াবাসহ আটক করা হয়েছে।”

তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ভৈরবে ৭৫ লিটার দেশীয় মদসহ মাদককারবারি আটক

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
ভৈরবে ৭৫ লিটার দেশীয় মদসহ মাদককারবারি আটক

কিশোরগঞ্জের ভৈরবে ৭৫ লিটার দেশীয় মদসহ সোরাপ মিয়া (৩২) নামে এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা।

সোমবার (২০ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ভৈরব লোকাল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের লিখিত বক্তব্যে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সোরাপ মিয়া র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একটি ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি তার হেফাজতে দেশীয় মদ থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী ইজিবাইকের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭৫ (পঁচাত্তর) লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।

আটক মাদককারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

নিকলীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

শেখ উবাইদুল হক সম্রাট প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
নিকলীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ২০২৫–২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER) প্রকল্পের আওতায় এ কংগ্রেস আয়োজন করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে শুরু হওয়া অনুষ্ঠানটি বেলা ২টায় শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা মজুমদার মুক্তি।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাদ্দাম হোসেন মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। এতে কৃষিবিদরা স্থানীয় কৃষির উন্নয়ন, অধিক ফলন নিশ্চিতকরণ, উন্নত জাতের বীজ ব্যবহার, আধুনিক কৃষিযন্ত্রের সর্বোচ্চ প্রয়োগ এবং নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি, খাদ্য প্রক্রিয়াজাতকরণে গুণগত মান বজায় রাখা এবং অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানিমুখী কৃষি উন্নয়নের দিকনির্দেশনা দেওয়া হয়। কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও তথ্য সংগ্রহ এবং তার সঠিক প্রয়োগে উদ্বুদ্ধ করা হয়।

বর্তমান বোরো মৌসুমে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কৃষকদের ৮০ শতাংশ ধান পাকার সঙ্গে সঙ্গে দ্রুত ফসল কেটে নেওয়ার পরামর্শ দেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কর্মকর্তা হারুন অর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুস সামাদ, উপজেলা সমবায় কর্মকর্তা ছালেহা খাতুন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীর, দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন এবং নিকলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ উবাইদুল হক সম্রাটসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।