হোসেনপুরে ধর্মীয় আয়োজনে গীতা স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী, শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ
কিশোরগঞ্জের হোসেনপুরে গীতা স্কুলের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধর্মীয় ও সামাজিক নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ভোগ নিবেদন, ভোগ আরতি, গীতাযজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, ২০০ কণ্ঠে পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ এবং শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
শুক্রবার (১৯ জুন) সকাল থেকে দিনব্যাপী উপজেলার শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয় কমিটি।
অনুষ্ঠানে গীতা শিক্ষার প্রসার, নৈতিক মূল্যবোধ চর্চা এবং নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় ও মানবিক শিক্ষা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিশু-কিশোরদের চরিত্র গঠন ও মূল্যবোধভিত্তিক সমাজ বিনির্মাণে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের অংশ হিসেবে গীতা স্কুলের শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। একই সঙ্গে ভক্তদের অংশগ্রহণে ভোগ নিবেদন, ভোগ আরতি ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। পরে ২০০ কণ্ঠে সমবেতভাবে পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ পরিবেশিত হলে অনুষ্ঠানস্থলে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।
শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি দেবালয় কমিটির সভাপতি শ্রী নরেশ চন্দ্র মোদকের সভাপতিত্বে এবং গীতা স্কুলের পরিচালক রাজীব চন্দ্র সাহার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন দেবালয় কমিটির সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মোদক, কোষাধ্যক্ষ রামকৃষ্ণ মোদক এবং অতিরিক্ত পুলিশ সুপার সাগর সরকার।
এ সময় বিভিন্ন মন্দিরের কার্যনির্বাহী পরিষদের সদস্য, গীতা স্কুলের পরিচালক তপন মোদক, সজীব মোদক, সৌরভ মোদক, স্থানীয় সুধীজন, ভক্তবৃন্দ ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বক্তারা ভবিষ্যতেও গীতা শিক্ষা, নৈতিক চর্চা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।










