নিকলী থানা হাজতে ফাঁস নিয়ে এক আসামীর মৃত্যু, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি
Exif_JPEG_420
কিশোরগঞ্জের নিকলী থানা হাজতে এক ওয়ারেন্টভুক্ত আসামির ফাঁস নিয়ে মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মৃত রুবেল (২২) উপজেলার কারপাশা ইউনিয়নের শহরমূল গ্রামের রাজা হাওলাদারের ছেলে। তিনি তার বাবার দায়ের করা একটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, রুবেল বাড়িতে অবস্থান করছেন- এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উপপরিদর্শক (এএসআই) আমজাদ হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে তাকে নিকলী থানা হাজতে রাখা হয়।
পুলিশ জানায়, আদালতে পাঠানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতের কাজ শেষে বেলা ১১টার দিকে দায়িত্বপ্রাপ্ত ডিউটি অফিসার এএসআই শেফালী আক্তার হাজতখানায় গিয়ে রুবেলকে তার পরিহিত শার্টের সাহায্যে হাজতখানার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানকে অবহিত করেন।
খবর পেয়ে ওসি ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল্লাহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল কার্যক্রম সম্পন্ন করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সুরতহালকালে মৃতদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রুবেল তার বাবার দায়ের করা একটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। ওই মামলার গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে তাকে আটক করা হয়েছিল।
তিনি আরও বলেন, পরিবারের ভাষ্য অনুযায়ী রুবেল নিয়মিত মাদক সেবন করতেন এবং তার আচরণে অতিষ্ঠ হয়ে তার বাবা মামলাটি দায়ের করেছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array