করিমগঞ্জে হত্যা মামলার পলাতক আসামি নারায়ণগঞ্জ থেকে র্যাবের হাতে গ্রেপ্তার
কিশোরগঞ্জের করিমগঞ্জ থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার পলাতক আসামি মো. কাজু মিয়া (৪৮)কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪ জানায়, মামলার এজাহার অনুযায়ী, বাদী ও গ্রেপ্তার হওয়া আসামি কাজু মিয়া একই এলাকার প্রতিবেশী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা-সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতা চলে আসছিল।
এরই জেরে গত ২৬ মার্চ ২০২৬ সকাল সাড়ে ৬টার দিকে বাদীর বড় ভাই ফখরুল ইসলাম করিমগঞ্জ উপজেলার রামনগর এলাকায় নিজ বাড়ির পেছনে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় পূর্বপরিকল্পিতভাবে কাজু মিয়াসহ কয়েকজন অভিযুক্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা ফখরুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১২ এপ্রিল ২০২৬ ফখরুল ইসলাম মারা যান।
এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে করিমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ২০২৬ সালের ২৭ মার্চ দায়ের করা হয়। মামলার নম্বর-২৮। মামলায় পেনাল কোডের ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৫০৬/১১৪/৩৪ ধারার সঙ্গে পরবর্তীতে ৩০২ ধারা সংযুক্ত করা হয়।
মামলা দায়েরের পর থেকেই কাজু মিয়াসহ অন্যান্য অভিযুক্ত গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান।
র্যাব জানায়, এরই ধারাবাহিকতায় র্যাব-১৪-এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গত ৪ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে র্যাব-১১-এর সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের সহায়তায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গাউছিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হত্যা মামলার পলাতক আসামি কাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array