তাড়াইলে প্রতিবন্ধী ভিক্ষুককে পিটিয়ে হত্যা, ছিনতাইয়ের অভিযোগ
কিশোরগঞ্জের তাড়াইলে হুইলচেয়ারে চলাফেরা করা এক বাক ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, টাকা-পয়সা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩ আগস্ট) দুপুরে তাঁর মৃত্যু হয়।
নিহত হাবুল মিয়া (৫২) তাড়াইল উপজেলার বরুহা (রাজঘাট) গ্রামের মৃত মন্নাছ মিয়ার ছেলে। তিনি স্থানীয় তাড়াইল সিএনজি স্ট্যান্ডে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে নিজ বাড়ির সামনের কাঁচা সড়কে অবস্থান করছিলেন হাবুল মিয়া। এ সময় অজ্ঞাতপরিচয় দুই থেকে তিনজন দুর্বৃত্ত কাঠ দিয়ে তাঁর মাথায় সজোরে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। হামলার পর দুর্বৃত্তরা তাঁর সঙ্গে থাকা টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
বাকপ্রতিবন্ধী হওয়ায় হাবুল মিয়া চিৎকার করে সাহায্য চাইতে পারেননি। পরে তাঁর গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে তাঁকে উদ্ধার করেন।
আহত অবস্থায় প্রথমে তাঁকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ২টার দিকে তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, হাবুল মিয়ার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। তিনি গ্রামের বাড়িতে একাই বসবাস করতেন।
এ ঘটনায় নিহতের খালাতো ভাই আলমগীর হোসেন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় দুই থেকে তিনজনকে আসামি করে তাড়াইল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array