বিবাহবিচ্ছেদের পর ব্ল্যাকমেইলের অভিযোগ, সাবেক স্বামীর তিন বোন কারাগারে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিবাহবিচ্ছেদের পর সাবেক স্ত্রীর ব্যক্তিগত ও অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় প্রধান অভিযুক্তের তিন বোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার প্রধান আসামি সাবেক স্বামী বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর সঙ্গে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর শরিয়াহ ও আইন অনুযায়ী জামাল হোসেনের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে চলতি বছরের ১২ মে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।
অভিযোগে বলা হয়েছে, বিবাহবিচ্ছেদের পর দাম্পত্য জীবনের ব্যক্তিগত ও অন্তরঙ্গ কিছু ছবি ব্যবহার করে সাবেক স্বামী এবং তার সহযোগীরা ভুক্তভোগীকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ফেসবুক, মেসেঞ্জারসহ বিভিন্ন মাধ্যমে ছবিগুলো প্রকাশ করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গত ১৯ জুলাই কিশোরগঞ্জের আদালতে সাবেক স্বামী জামাল হোসেনসহ চারজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। আদালতের নির্দেশে মামলাটি রুজু করে তদন্ত শুরু করে কুলিয়ারচর থানা পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) সারফিন মিয়ার নেতৃত্বে সোমবার (৩ আগস্ট) সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পিঠাপই গ্রামে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত তিন আসামি—রিমা বেগম (২৪), আকলিমা বেগম (২২) ও শাপলা বেগমকে (৩২) গ্রেপ্তার করা হয়। পরে তাদের কিশোরগঞ্জের আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, মামলার প্রধান আসামি জামাল হোসেন বর্তমানে গ্রিসে অবস্থান করছেন। ফলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
কুলিয়ারচর থানা পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array