কটিয়াদীতে ওসিকে বদলি না করার দাবি, মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ তুলে তাঁর পক্ষে মানববন্ধন করেছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন, মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান নেওয়ায় একটি স্বার্থান্বেষী মহল ওসিকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে তাঁকে কটিয়াদী থেকে অন্যত্র বদলি না করার দাবি জানান তারা।
সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ‘সর্বস্তরের এলাকাবাসী’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
কটিয়াদী মডেল থানা সূত্রে জানা যায়, গত চার মাসে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ২৭টি মামলায় ৩৯ জন মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সময়ে অভিযান চালিয়ে নগদ ৩ লাখ ৩৩ হাজার ৮০০ টাকা, উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়।
এ ছাড়া উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে আরও ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক কারবারিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করছেন। এতে একটি প্রভাবশালী চক্র ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাদের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক নিয়ন্ত্রণে ওসির ভূমিকা সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেছে।
বক্তারা আরও দাবি করেন, লোহাজুরী ইউনিয়নের আলোচিত শফিকুল হত্যা মামলাকে কেন্দ্র করে ওসির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার যে অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং তাঁকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহারের লক্ষ্যেই এসব প্রচারণা চালানো হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন কটিয়াদী উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিমউদ্দিন মেনু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিটু, শফিকুল ইসলাম ফুলু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম রফিক, উপজেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান ওবায়দুর, কটিয়াদী পৌর যুবদলের আহ্বায়ক ও কটিয়াদী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. শরীফ, আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আ. হান্নান, মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাদিউল ইসলাম, আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তসরিফুল হাসিবসহ আরও অনেকে।
মানববন্ধন থেকে বক্তারা কিশোরগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কটিয়াদীতে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওসি মোহাম্মদ রফিকুল ইসলামকে বর্তমান কর্মস্থলে বহাল রাখা প্রয়োজন।
তবে মানববন্ধনে উত্থাপিত অভিযোগগুলো বক্তাদের বক্তব্য ও দাবির ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array