ডিসির আকস্মিক পরিদর্শনে অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন চালিয়ে দালালের মাধ্যমে সরকারি কাজ পরিচালনা এবং দাপ্তরিক দায়িত্বে অবহেলার অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন।
সোমবার (৩ আগস্ট) সকালে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) নূরুল করিম ভূঁইয়া কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনকালে এ ব্যবস্থা নেন।
সাময়িক বরখাস্ত হওয়া চারজন হলেন কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান এবং অফিস সহায়ক শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল ও তাপস চন্দ্র শীল।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে অনিয়ম, দাপ্তরিক কাজে গাফিলতি এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন শুরু করেন।
এরই ধারাবাহিকতায় সোমবার সকালে তিনি কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন এবং টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান।
পরিদর্শনকালে জেলা প্রশাসনের কর্মকর্তারা দেখতে পান, সরকারি দাপ্তরিক কাজ অফিসের বাইরের লোকজন বা দালালের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এছাড়া দায়িত্ব পালনে অবহেলা, সেবাগ্রহীতাদের যথাযথ সেবা না দেওয়া এবং প্রয়োজনীয় দাপ্তরিক নথিপত্র সংরক্ষণে অনিয়মের অভিযোগেরও প্রাথমিক সত্যতা পাওয়া যায়।
অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কাছে বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা চাওয়া হলে তাঁরা সন্তোষজনক জবাব দিতে পারেননি। প্রয়োজনীয় নথিপত্রও তাৎক্ষণিকভাবে উপস্থাপন করতে ব্যর্থ হন বলে জেলা প্রশাসন জানিয়েছে।
জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেন, “কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ব্যক্তিরা দায়িত্ব পালনে প্রয়োজনীয় দক্ষতা ও নিয়মনীতি অনুসরণ করছেন না। তাঁদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মানুষের নানা অভিযোগ রয়েছে। পরিদর্শনের সময় অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চাইলে তাঁরা সন্তোষজনক জবাব দিতে পারেননি। এমনকি নামজারির সফটওয়্যার ব্যবস্থাপনাসংক্রান্ত তথ্যও দেখাতে ব্যর্থ হয়েছেন। এসব বিষয় বিবেচনায় তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।”
তিনি আরও জানান, বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্ত শেষে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কাশিমপুর ভূমি অফিস পরিদর্শন শেষে জেলা প্রশাসক সফিপুর ইউনিয়ন ভূমি অফিসেও যান। সেখানে কর্মকর্তা-কর্মচারীদের সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সরকারি বিধি-বিধান যথাযথভাবে অনুসরণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।










Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array