হোসেনপুরে পল্লী বিদ্যুতের গ্রাহক সমাবেশ, সচেতনতা বৃদ্ধিতে নানা দিকনির্দেশনা
গ্রাহকদের মধ্যে বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, বিদ্যুতের অপচয় রোধ এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে ‘সচেতনতা বৃদ্ধিতে গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে হোসেনপুর উপজেলা পরিষদ হলরুমে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর জোনাল অফিসের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালনা পর্ষদের সভাপতি মো. কামরুজ্জামান জাহাঙ্গীর।
অনুষ্ঠানে বক্তব্য দেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) মো. ফেরদৌস আহমেদ, হোসেনপুর জোনাল অফিসের ডিজিএম মো. সোহেল রানা, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম সবুজ, যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল হক শফিক, সাধারণ সম্পাদক ও সাংবাদিক মানছুরুল হক রবিন, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, মফস্বল সাংবাদিক ইউনিয়নের উপজেলা সভাপতি এস কে শাহীন নবাব প্রমুখ।
এ ছাড়া পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক গ্রাহক সমাবেশে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রাহকদের সচেতনতার বিকল্প নেই। সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার, অবৈধ সংযোগ পরিহার এবং যেকোনো সমস্যা দ্রুত সংশ্লিষ্ট জোনাল অফিসকে জানানো হলে সেবার মান আরও উন্নত হবে।
তারা গ্রাহকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন—
- নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে।
- প্রয়োজন ছাড়া ফ্যান, লাইট ও বৈদ্যুতিক যন্ত্রপাতি চালিয়ে বিদ্যুতের অপচয় করা যাবে না।
- অবৈধ বিদ্যুৎ সংযোগ গ্রহণ বা ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
- মিটার রিডিং, বিলিং কিংবা সংযোগ-সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে সরাসরি জোনাল অফিসে যোগাযোগ করতে হবে।
- ঝড়-বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুতের লাইনের ওপর গাছের ডাল পড়ে গেলে কিংবা অন্য কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
বক্তারা আরও বলেন, “গ্রাহকরাই পল্লী বিদ্যুতের প্রকৃত মালিক। গ্রাহকদের সহযোগিতা ও সচেতনতাই নিরাপদ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
সমাবেশের শেষ পর্বে গ্রাহকরা বিদ্যুৎ বিল বেশি আসা, লোডশেডিং, নতুন সংযোগ, মিটার পরিবর্তন, সংযোগের জটিলতা এবং সেবার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। উপস্থিত কর্মকর্তারা এসব বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন এবং দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
সভাপতির বক্তব্যে মো. কামরুজ্জামান জাহাঙ্গীর বলেন, “কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রতিটি গ্রাহক যেন মানসম্মত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পান, সে লক্ষ্যে আমরা আন্তরিক। তবে এ ক্ষেত্রে গ্রাহকদেরও দায়িত্বশীল ও সচেতন ভূমিকা রাখতে হবে।”
সমাবেশ শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।










Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array