কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধাদের আহ্বান: আসন্ন নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের প্রার্থীদের ভোট দিন
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধা সংসদের করণীয় শীর্ষক আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়েছে। একাত্তরের বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলা ইউনিট ও কিশোরগঞ্জ জেলা কমান্ড কাউন্সিলের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কিশোরগঞ্জ জেলা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য মো. নুরুল ইসলাম এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে বুকের তাজা রক্ত দিয়ে বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছেন। একটি লাল-সবুজ পতাকার জন্য দেশের অসংখ্য মা-বোন তাদের ইজ্জত উৎসর্গ করেছেন। তাই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় দেখতে চান না দেশের বীর সন্তানরা।
তারা আরও বলেন, আওয়ামী লীগের মতো কোনো ফ্যাসিস্ট রাজনীতিক দেশে ফিরে আসুক এটা মুক্তিযোদ্ধারা চায় না। আসন্ন নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকলের কাছে আহ্বান জানান মুক্তিযোদ্ধারা।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও বিভিন্ন উপজেলা কমান্ড কাউন্সিলের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array