রাজধানীতে দুই দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রাজধানীতে দুই দিনব্যাপী সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে আগারগাঁওয়ের চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুৎ থেকে আয় বাড়ান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত প্রদর্শনীটি উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে দেখেন। এ সময় তিনি প্রদর্শনীতে তুলে ধরা সৌরবিদ্যুৎ-সংশ্লিষ্ট আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে অবহিত হন।
এক্সপোতে সৌরবিদ্যুৎ খাতের আধুনিক প্রযুক্তি ও সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। এতে নীতিনির্ধারক, সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, আর্থিক প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী ও উদ্যোক্তারা অংশ নিয়েছেন। নবায়নযোগ্য জ্বালানির প্রসার, সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধি এবং এ খাতে বিনিয়োগের সুযোগ সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে মতবিনিময়েরও সুযোগ তৈরি হয়েছে এ প্রদর্শনীর মাধ্যমে।
বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) প্রথমবারের মতো যৌথভাবে এ সোলার এক্সপোর আয়োজন করেছে। জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০) বাস্তবায়নে সহায়তা করা এবং সৌরবিদ্যুতের প্রসারে সরকারি নীতি ও প্রণোদনা সম্পর্কে সংশ্লিষ্ট অংশীজনদের অবহিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
প্রদর্শনীতে নবায়নযোগ্য জ্বালানি খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হচ্ছে। এর মধ্যে রয়েছে সরকারি প্রণোদনা, আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি, কর ও শুল্ক সুবিধা, সবুজ ও জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট, সৌরচালিত সেচব্যবস্থা এবং প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ। এসব উদ্যোগের মাধ্যমে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।










Disqus comments are not configured yet.