সামাজিক যোগাযোগমাধ্যমে এনআইডি নিয়ে প্রতারণা, সতর্কবার্তা ইসির
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে দেওয়ার কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এ বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
প্রতারক চক্রের সদস্যরা নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করছে। কোনো কোনো ক্ষেত্রে তারা নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের ব্যক্তিগত ছবিও ব্যবহার করছে।
রবিবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি প্রতারক চক্র জাতীয় পরিচয়পত্র সংশোধন করে দেওয়ার কথা বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করছে। তারা নিজেদের নির্বাচন কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, জাতীয় পরিচয়পত্র সংশোধন কিংবা এ-সংক্রান্ত অন্য যেকোনো সেবা প্রদানের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ কোনো ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা হয় না। ফলে এসব মাধ্যমে কেউ এনআইডি সংশোধন বা অন্য কোনো সেবা দেওয়ার কথা বলে অর্থ দাবি করলে তা প্রতারণা হিসেবে বিবেচনা করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত যেকোনো সেবা পেতে সাধারণ মানুষকে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে। এ ছাড়া প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে নির্বাচন কমিশনের ১০৫ নম্বর হটলাইনে কল করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ধরনের অনলাইন প্রতারণা থেকে নিজে সতর্ক থাকার পাশাপাশি বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদেরও সতর্ক করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।










Disqus comments are not configured yet.