ঢাকা-১৫ আসন থেকে জামায়াত আমির শফিকুর রহমানের মনোনয়নপত্র সংগ্রহ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আগারগাঁওয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করে।
ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর পর্যন্ত।
রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘আজ ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।’
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত ঢাকা-১৫ আসন থেকে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনসহ অন্তত এক ডজন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে একই দিনে ঢাকা-১৩ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজও মনোনয়নপত্র সংগ্রহ করেন।
রিটার্নিং অফিস সূত্র জানায়, ঢাকা-১৩ ও ঢাকা-১৫—এই দুই আসন থেকে এদিন মোট ২১ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array