ভৈরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত ২
কিশোরগঞ্জের ভৈরবে সাততলা ভবনের পাইলিংয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শান্ত মিয়া (১৮) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে শহরের ৭ নম্বর ওয়ার্ডের গোধূলি সিটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত মিয়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া গ্রামের রুহুল আমিনের ছেলে। আহতরা হলেন একই এলাকার মৃত আব্দুল হাই মিয়ার ছেলে সোবেল মিয়া (৩৫) ও আবুল মিয়ার ছেলে মিন্টু মিয়া (২০)।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গোধূলি সিটি এলাকায় আরিফুল ইসলাম সেন্টু নামে এক ব্যক্তির সাততলা ভবন নির্মাণের জন্য প্রায় ২০ দিন ধরে পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। শুক্রবার সকাল আনুমানিক ৮টার দিকে পাইলিংয়ের জন্য প্রায় ৭০ ফুট লম্বা লোহার খাঁচা গর্তে ঢোকানোর সময় ক্যারেংয়ের হুক ছিঁড়ে যায়। এতে লোহার খাঁচাটি পাশের বিদ্যুতের এসটি লাইনের ক্যাবলের ওপর গিয়ে পড়ে। খাঁচাটি বিদ্যুতায়িত হয়ে গেলে সেখানে থাকা তিন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে ভবনমালিকের লোকজন ও অন্যান্য শ্রমিক স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উম্মে হাবিবা জুঁই শান্ত মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত সোবেল মিয়া ও মিন্টু মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
প্রত্যক্ষদর্শী হাসান মিয়া বলেন, সকালে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় তিনি পাইলিংয়ের কাজ দেখতে দাঁড়ান। এ সময় ক্যারেং ও শ্রমিকদের সহযোগিতায় লম্বা লোহার খাঁচাটি গর্তে ঢোকানোর সময় সেটি পাশের বিদ্যুতের এসটি লাইনে গিয়ে পড়ে। এতে তিন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে শান্ত মিয়াকে মৃত ঘোষণা করা হয় এবং অপর দুই শ্রমিককে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
এক নির্মাণশ্রমিক বলেন, সকালে পাইলিংয়ের সময় লোহার খাঁচাটি বিদ্যুৎ লাইনের ওপর পড়ে গেলে শান্ত মিয়া মারা যান। সোবেল মিয়া ও মিন্টু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ভবনের মালিক আরিফুল ইসলাম সেন্টু বলেন, শ্রমিকরা কাজ করার সময় ক্যারেংয়ের হুক ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। শ্রমিকরা যথাসাধ্য সতর্কতা মেনেই কাজ করছিলেন। অনাকাঙ্ক্ষিত এ ঘটনা কখনোই কাম্য নয়। শান্ত মিয়ার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁরা ভৈরবের উদ্দেশে রওনা হয়েছেন।
ভৈরব থানার এসআই আবুল হাসান বলেন, পাইলিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শান্ত মিয়া নামে এক নির্মাণশ্রমিক মারা গেছেন। হাসপাতাল থেকে মরদেহ থানায় আনা হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন বলে তিনি শুনেছেন।














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array