বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্র, নৌকাবাইচে হাজারো মানুষের উচ্ছ্বাস
সংগ্রহীত ছবি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ ঘিরে উৎসবের আমেজ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার দক্ষিণ চরটেকী ‘মিনি কক্সবাজার’ এলাকার ব্রহ্মপুত্র নদে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। বৈঠার ছন্দ, নৌকার দৌড় আর দর্শনার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে নদীর দুই পাড়। নৌকাবাইচ দেখতে সেখানে জড়ো হন হাজারো মানুষ।
ব্রহ্মপুত্রের বুকে পাশাপাশি ছুটছিল একের পর এক নৌকা। মাঝিদের ছন্দময় বৈঠার টানে মুহূর্তেই বাড়ছিল নৌকার গতি। কখনো একটি নৌকা এগিয়ে যাচ্ছিল, আবার পরক্ষণেই আরেকটি নৌকা পাল্লা দিয়ে সামনে চলে আসছিল। নদীর দুই পাড় থেকে ভেসে আসছিল করতালি ও হর্ষধ্বনি। কেউ মুঠোফোনে ধারণ করছিলেন নৌকার দৌড়, আবার কেউ পছন্দের নৌকাকে উৎসাহ দিচ্ছিলেন চিৎকার ও স্লোগানে।
দক্ষিণ চরটেকী গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ছোট-বড় মিলিয়ে আটটি নৌকা অংশ নেয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নৌকাগুলোর মাঝিদের তীব্র প্রতিদ্বন্দ্বিতায় পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত। ঢোলের তাল ও বৈঠার ছন্দে মুখর হয়ে ওঠে ব্রহ্মপুত্রের চারপাশ।
তিন ধাপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও এলাকার দুলাল চেয়ারম্যানের নৌকা। দ্বিতীয় হয় একই এলাকার হাবিবুর রহমান জালাল মিয়ার নৌকা। তৃতীয় স্থান অর্জন করে পাকুন্দিয়া উপজেলার বাহাদিয়া এলাকার ইসমাইলের নৌকা।
প্রথম স্থান অর্জনকারী দলকে পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল, দ্বিতীয় স্থান অর্জনকারী দলকে একটি রেফ্রিজারেটর এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে একটি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন দেওয়া হয়। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য নৌকার দলগুলোকেও সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।
নৌকাবাইচের আয়োজনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক, প্রশাসনিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উপভোগ করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। এর আগে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ভিপি মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ এবং পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন।
স্থানীয়দের ভাষ্য, একসময় কিশোরগঞ্জের বিভিন্ন নদ-নদী ও জলাশয়ে বর্ষা মৌসুমে নিয়মিত নৌকাবাইচের আয়োজন করা হতো। গ্রামীণ মানুষের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম ছিল এ নৌকাবাইচ। সময়ের সঙ্গে নদ-নদীতে নৌযান চলাচলের পরিবর্তন, জলাশয় সংকোচনসহ নানা কারণে এ ধরনের আয়োজন কমে এসেছে। ফলে দীর্ঘদিন পর নৌকাবাইচের আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে বাড়তি উৎসাহ দেখা যায়।
আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী কুতুব উদ্দিন কিরণ বলেন, নৌকাবাইচ গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য। গ্রামের মানুষকে বিনোদনের সুযোগ করে দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের সঙ্গে পুরোনো এই ঐতিহ্যের পরিচয় করিয়ে দেওয়াই আয়োজনের উদ্দেশ্য। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তারা আনন্দিত। ভবিষ্যতে আরও বড় পরিসরে নৌকাবাইচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।













Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array