সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

চোখ হারানো মামলায় আনিসুল হক ও পলক ফের গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
চোখ হারানো মামলায় আনিসুল হক ও পলক ফের গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ীতে মামুন (২৫) নামে এক ব্যক্তির বাঁ চোখ নষ্ট হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হুসাইন এ মামলায় আনিসুল হক ও পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আবেদনে বলা হয়, আনিসুল হক ও পলক বর্তমানে অন্য একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তাঁরা আওয়ামী লীগ সরকারের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বলে আবেদনে উল্লেখ করা হয়। মামলার তদন্তে তাঁদের সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি করেন তদন্ত কর্মকর্তা। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাঁদের গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিসহ অন্য আইনজীবীরা গ্রেপ্তার দেখানোর আবেদনের বিরোধিতা করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে আইনজীবী শামছুদ্দোহা সুমন আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই সকাল ৯টা থেকে বাদীর বন্ধু হোসেন, খোকন, আরিফসহ অনেকে যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। ওই দিন বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে ফ্লাইওভারের ওপর অবস্থানকালে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় মামুনের শরীরের বিভিন্ন স্থান, বাঁ চোখ ও মাথায় গুলি লাগে। আহত অবস্থায় তাঁকে প্রথমে যাত্রাবাড়ীর কাজলা ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিন দিন চিকিৎসাধীন থাকার পর বাঁ চোখের অবস্থার অবনতি হলে তাঁকে জাতীয় চক্ষু হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসার একপর্যায়ে তাঁর বাঁ চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ইটনায় অবৈধভাবে মজুত ১৫৮ বস্তা সার জব্দ, মামলা করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১:১৫ অপরাহ্ণ
ইটনায় অবৈধভাবে মজুত ১৫৮ বস্তা সার জব্দ, মামলা করার নির্দেশ

সংগ্রহীত ছবি

কিশোরগঞ্জের ইটনায় অবৈধভাবে সার মজুতের অভিযোগে অভিযান চালিয়ে ১৫৮ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় নিয়মিত মামলা করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার এলংজুরী ইউনিয়নের মর্দাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

জব্দ করা সারের মধ্যে রয়েছে ৮০ বস্তা ইউরিয়া, ৭৫ বস্তা ফসফেট ও ৩ বস্তা পটাশ। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। পরে জব্দ করা সার উপসহকারী কৃষি কর্মকর্তা ও এলংজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুবেলের হেফাজতে রাখা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় সার মজুতের তথ্য পেয়ে প্রশাসন এ অভিযান চালায়। তবে এসব সার কারা, কোথা থেকে সংগ্রহ করে এবং কী উদ্দেশ্যে মজুত করেছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কুমার হালদার বলেন, জব্দ করা সারের উৎস ও বৈধতা যাচাই করা হবে। কৃষকদের জন্য বরাদ্দ করা সার নির্ধারিত নিয়মে বিতরণের কথা। কেউ নিয়মবহির্ভূতভাবে সার মজুত করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে গুদামজাত করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এলংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল জানান, জব্দ করা ১৫৮ বস্তা সার তাঁর হেফাজতে রাখা হয়েছে। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সেগুলো নিরাপদে সংরক্ষণ করা হচ্ছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও মাখন চন্দ্র সূত্রধর বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তাকে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভৈরব থানার নারী পুলিশ সদস্যের মৃত্যু

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভৈরব থানার নারী পুলিশ সদস্যের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরব থানায় যোগদানের পর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাঈদা আক্তার (নারী কনস্টেবল-৩২৫) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গত ২১ নভেম্বর শনিবার সন্ধ্যায় নরসিংদীর বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সাঈদা আক্তার নরসিংদীর রায়পুরা উপজেলার তুলাতুলি গ্রামের আবুল কাসেমের মেয়ে। এর আগে তিনি কিশোরগঞ্জের তাড়াইল থানায় কর্মরত ছিলেন। গত ১২ নভেম্বর তিনি ভৈরব থানায় যোগদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, সাঈদা আক্তার নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাবো ইউনিয়নের বাসিন্দা এবং তামাবিল হাইওয়ে থানায় কর্মরত কনস্টেবল জোবায়ের আহমেদের স্ত্রী। তাঁদের সংসারে সাড়ে ছয় বছরের একটি ছেলে ও ১৯ মাস বয়সী একটি মেয়ে রয়েছে।

নিহতের শ্বশুর মোহাম্মদ আব্দুল গফুর জানান, ভৈরব থানায় যোগদানের পর সাঈদা জ্বরে আক্রান্ত হন। পরে ছুটিতে বেলাবোয় নিজ বাড়িতে গিয়ে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। সেখানে পরীক্ষায় তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৯ নভেম্বর তাঁকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, ২১ নভেম্বর দুপুরে কিছুটা সুস্থ বোধ করায় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন সাঈদা। পথে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার আগরপুর এলাকায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। সন্ধ্যায় বেলাবোয় পৌঁছানোর পর অবস্থার আরও অবনতি হলে তাঁকে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গত ২২ নভেম্বর সকাল সাড়ে ১১টায় বেলাবোয় তাঁর দাফন সম্পন্ন হয়।

ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান বলেন, সাঈদা আক্তারের মৃত্যুতে তাঁরা গভীরভাবে শোকাহত। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নতুন পে স্কেলে মূল বেতন বাড়লেও আপাতত বাড়ছে না ভাতা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
নতুন পে স্কেলে মূল বেতন বাড়লেও আপাতত বাড়ছে না ভাতা
সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো নিয়ে আলোচনার মধ্যেই ভাতা সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে অর্থ বিভাগ। এতে নতুন পে স্কেলে মূল বেতন বাড়লেও আপাতত বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতার পরিমাণ অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থ বিভাগের সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৩০ জুনে যে হারে ভাতা দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সেই হারই বহাল থাকবে। সরকারি ও আধা-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সরকারি সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে।

নতুন বেতনকাঠামো অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণের বিষয়টি আলোচনায় রয়েছে। তবে মূল বেতন ও মোট বেতনের হিসাব আলাদা। মূল বেতনের সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য প্রযোজ্য ভাতা যোগ করেই একজন কর্মচারীর মোট মাসিক প্রাপ্য নির্ধারিত হয়।

ফলে মূল বেতন বাড়লেও আপাতত ভাতার হার অপরিবর্তিত থাকায় সবার মোট বেতন একই অনুপাতে বাড়বে না। নতুন বেতনকাঠামোর পূর্ণাঙ্গ সুবিধা পেতে ভাতার বিষয়ে অর্থ বিভাগের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় থাকতে হবে কর্মচারীদের।

এদিকে নতুন কাঠামো অনুযায়ী চলতি মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বকেয়া বা বাড়তি অর্থ পাওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।

নতুন বেতনকাঠামোর মূল্যস্ফীতিতে সম্ভাব্য প্রভাব নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, সরকারি কর্মচারীদের বেতন বাড়লেই বাজারে অর্থের সরবরাহ এতটা বেড়ে যাবে যে বড় ধরনের মূল্যস্ফীতি তৈরি হবে, এমন সিদ্ধান্তে সরাসরি পৌঁছানো ঠিক নয়।

তাঁর মতে, নতুন বেতনকাঠামোর প্রভাব মূল্যায়নে অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করতে হবে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় এবং অর্থনীতির বাস্তব অবস্থা বিশ্লেষণ করা জরুরি।