বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার সতর্কতায় বন্ধ কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
সাইবার সতর্কতায় বন্ধ কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট

বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা সতর্কতার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। তবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ ও কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতা পাওয়ার পর বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইটটি বন্ধ করে দেয়। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ওয়েবসাইটের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট এখনো চালু করা হয়নি। তবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ স্বাভাবিকভাবে কাজ করছে।

তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ বিষয়টি নিয়ে কাজ করছে। তবে ওয়েবসাইটটি পুনরায় চালুর বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

শনিবার সকাল ৮টা পর্যন্ত ওয়েবসাইটটি ব্যবহারকারীদের জন্য অপ্রবেশযোগ্য ছিল। ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে রক্ষণাবেক্ষণসংক্রান্ত একটি বার্তা দেখা যায়।

বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা ‘পিএইচপি’তে শনাক্ত হওয়া গুরুতর নিরাপত্তা ত্রুটি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগের মধ্যে বাংলাদেশ ব্যাংক এ সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে এসব ত্রুটি শনাক্ত করেছে। এ পরিস্থিতিতে সরকারও বৈশ্বিক সাইবার নিরাপত্তার দুর্বলতা নিয়ে সতর্কতা জারি করেছে।

বাংলাদেশ ব্যাংক অতীতেও বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। ২০১৬ সালে হ্যাকাররা নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার সরিয়ে নেয়। ওই ঘটনার পর তৎকালীন গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেন।

শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে ৪০০ নম্বরে, প্রস্তাব মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে ৪০০ নম্বরে, প্রস্তাব মন্ত্রণালয়ের

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার নম্বর বিভাজনে পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রচলিত ২৩০ নম্বরের পরিবর্তে পুরো নিয়োগ প্রক্রিয়া ৪০০ নম্বরে নেওয়ার কথা বলা হয়েছে। এতে প্রিলিমিনারিতে ১০০, লিখিত পরীক্ষায় ২০০ এবং মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর নির্ধারণের প্রস্তাব রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সংশ্লিষ্ট বিধিমালা ও পরিপত্র হালনাগাদের লক্ষ্যে আয়োজিত এক সভায় এ প্রস্তাব উঠে আসে।

বৈঠকে নিয়োগ পরীক্ষার বিভিন্ন ধাপের নম্বর বিন্যাস নিয়ে পর্যালোচনা করা হয়। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় যথাক্রমে ১০০, ২০০ ও ১০০ নম্বর রাখার সুপারিশ করা হয়।

বর্তমানে প্রবেশ পর্যায়ে শিক্ষক বাছাইয়ের জন্য প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা মিলিয়ে মোট ২৩০ নম্বরের একটি খসড়া পরিপত্র প্রস্তুত করে রেখেছে এনটিআরসিএ।

বৈঠকে অংশ নেওয়া মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ৪০০ নম্বরের মূল্যায়ন পদ্ধতি চালুর প্রস্তাবটি পর্যালোচনা করা হলেও তা এখনো প্রাথমিক আলোচনা ও প্রস্তাবের পর্যায়ে রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত কোনো অনুমোদন বা সিদ্ধান্ত হয়নি।

বৈঠকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের হিসাব এবং শিক্ষক নিয়োগের বিধিমালা নিয়েও মতবিনিময় হয়েছে। তবে এসব বিষয়েও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

ইউএনওদের নিয়ে ১ ডিসেম্বর প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
ইউএনওদের নিয়ে ১ ডিসেম্বর প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে সম্মেলন করতে যাচ্ছে সরকার। আগামী ১ ডিসেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ’ শিরোনামের এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময় ও মুক্ত আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন ইউএনওরা। পাশাপাশি দেশসেরা ২০ জন ইউএনওকে পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

মাঠ প্রশাসনকে আরো সক্রিয়, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এতে দেশের ৫০২ জন ইউএনওর অংশ নেওয়ার কথা রয়েছে। সম্মেলনে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ও অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে তাঁদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ১ ডিসেম্বর সকাল ৯টায় সম্মেলনের উদ্বোধন করবেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি।

সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে স্থানীয় সরকার, জনপ্রশাসন, কৃষি, স্বরাষ্ট্র, ভূমি, পানিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্বাস্থ্যসেবা, সমাজকল্যাণ এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও সচিবরা অংশ নেবেন।

কর্ম অধিবেশনে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালী করা, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে আলোচনা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্মেলনে ঢাকা বিভাগ থেকে চারজন, চট্টগ্রাম বিভাগ থেকে চারজন এবং বাকি ছয় বিভাগ থেকে দুজন করে মোট ২০ জন ইউএনওকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কৃত করা হবে। প্রধানমন্ত্রী তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেবেন।

এ ছাড়া প্রতি বিভাগ থেকে দুজন করে ইউএনও প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সম্মেলনের মূল পর্ব শুরু হবে। এতে মাঠ প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে ভিডিও প্রদর্শন এবং দিনব্যাপী কর্ম অধিবেশনের সারসংক্ষেপ উপস্থাপন করা হবে। মুক্ত আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে প্রধানমন্ত্রী মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আরো জানান, উপজেলা পর্যায়ে সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিক সেবার মান বাড়ানোই এ সম্মেলনের মূল লক্ষ্য। একই সঙ্গে দায়িত্ব পালনে গাড়ি ও জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয়গুলো সরকারপ্রধানের কাছে তুলে ধরার সুযোগ পাবেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা।

গোপালগঞ্জে তাণ্ডবের পরিকল্পনার অভিযোগে ভৈরবের এসআরবি কমান্ডার আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:৪১ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে তাণ্ডবের পরিকল্পনার অভিযোগে ভৈরবের এসআরবি কমান্ডার আটক

আবুল হাসান (সংগ্রহীত ছবি)

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে নতুন করে সহিংসতা ও নাশকতার আশঙ্কা তৈরি হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পুলিশ ও প্রশাসনের ৩০ কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারির আওতায় রাখা হয়েছে। একই সঙ্গে সহিংসতার পরিকল্পনা, উসকানি ও অর্থায়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এ পরিস্থিতিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একজন কোম্পানি কমান্ডার ও ভৈরবের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তাঁর বিরুদ্ধে গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

পুলিশের বিশ্বস্ত সূত্রের দাবি, গোপালগঞ্জে সংঘটিত সহিংসতায় জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে এসআরবির ভৈরব কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে আটক করা হয়েছে। আটকের আগে তাঁকে এসআরবি-১১ ও ব্যাটালিয়নের সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া নেওয়া হবে। শুধু এসআরবির সদস্যদের মধ্যেই নয়, গোপালগঞ্জ ও আশপাশের এলাকার বাসিন্দা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের কর্মকাণ্ডও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িকভাবে ঢাকা রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। তাঁদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় পরিস্থিতি মোকাবিলায় যৌথবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে মঙ্গলবার দেশের আট জেলায় মোট ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে মোতায়েন করা হয়েছে দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য।

বিজিবি মোতায়েন করা অন্য জেলাগুলো হলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার।