সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা-কামালের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
হাসিনা-কামালের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। আরো পড়ুন রাজশাহী কলেজে সমাজসেবামূলক কাজে তরুণদের ভূমিকা নিয়ে মুক্ত আলোচনা রাজশাহী কলেজে সমাজসেবামূলক কাজে তরুণদের ভূমিকা নিয়ে মুক্ত আলোচনা মঙ্গলবার (৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো শেখ হাসিনার বিষয়ে স্মারকে বলা হয়, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (আইসিটি বিডি মামলা নং ০২/২০২৫) মামলায় পলাতক আসামি শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ হিসেবে বিলি-বণ্টনের আদেশ দেন ট্রাইব্যুনাল। আরো পড়ুন ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, নগদ আদায়ের সময় ধরা সার্ভেয়ার ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, নগদ আদায়ের সময় ধরা সার্ভেয়ার রায়ে সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। স্মারকে আরো বলা হয়, অবিলম্বে দণ্ডিত পলাতক আসামি শেখ হাসিনার সব স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে নেওয়া না হলে তিনি যেকোনো সময় এসব সম্পত্তি ভোগ, বিক্রি বা অন্যভাবে হস্তান্তর করতে পারেন। এতে ট্রাইব্যুনালের বাজেয়াপ্তসংক্রান্ত রায় ও আদেশ নিষ্ফল হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় শেখ হাসিনার সব স্থাবর-অস্থাবর সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে তা রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার অনুরোধ জানানো হয়। আরো পড়ুন বিবাহবিচ্ছেদের মামলায় এআইয়ের পরামর্শ, বাড়ছে আইনি জটিলতা বিবাহবিচ্ছেদের মামলায় এআইয়ের পরামর্শ, বাড়ছে আইনি জটিলতা একই সঙ্গে ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ হিসেবে এসব সম্পত্তি বিলি-বণ্টনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। একই বিষয়ে আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়নেও অনুরূপ স্মারক পাঠানো হয়েছে।

শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত ফি আদায় বন্ধে নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত ফি আদায় বন্ধে নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়

আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির সময় অতিরিক্ত ফি আদায় বন্ধে দেশের স্কুলগুলোকে নির্দেশনা দিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার (২৩ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তির সময় নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করে থাকে। এ ধরনের ফি আদায় বন্ধে সভা থেকে কঠোর নির্দেশনা জারি করা হতে পারে। পাশাপাশি পুনঃভর্তি ফি আদায় বন্ধ করা যায় কি না, সে বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বেলা ১২টায় সভা শুরু হওয়ার কথা রয়েছে। সভা শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এদিকে, ২০২৭ শিক্ষাবর্ষে সারা দেশের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের বেসরকারি স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির নির্দেশিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।

রবিবার (২২ নভেম্বর) মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন খান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি দেশের সব অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে। এর আগে গত ১৭ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্দেশিকায় বলা হয়েছে, ঢাকা মহানগরীসহ সারা দেশের বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক এবং সংযুক্ত প্রাথমিক স্তরে ২০২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন শুধু অনলাইনে গ্রহণ করা হবে। আবেদনপ্রক্রিয়া ১ ডিসেম্বর শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা

অবশেষে অপেক্ষার অবসান। বৃষ্টি থামায় সেঞ্চুরিয়নে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। ফলে প্রথমে ব্যাটিংয়ে নামছে নাজমুল হোসেন শান্তর দল।

প্রবল বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। বৃষ্টির কারণে তিন ঘণ্টার বেশি সময় পিছিয়ে যায় ম্যাচের শুরু।

এই ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চোটের কারণে মুশফিকুর রহিম ও হাসান মাহমুদ খেলতে পারছেন না। তাঁদের পরিবর্তে দলে এসেছেন জাকের আলী অনিক ও খালেদ আহমেদ। এ ছাড়া মেহেদী হাসান মিরাজের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন শরীফুল ইসলাম।

চার পেসার নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। একাদশে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার।

সিরিজে টিকে থাকতে এই টেস্টে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। সিরিজের প্রথম টেস্টে জোহানেসবার্গে ৯ উইকেটে হেরেছিল দলটি।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, মাহফিজুল ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কুস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটস্কি, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), মার্কো ইয়ানসেন, ইউয়ান মুল্ডার, সাইমন হারমার, কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়া।

গ্রামীণ ব্যাংকের কোনো শেয়ারের মালিক নই: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:১৬ অপরাহ্ণ
গ্রামীণ ব্যাংকের কোনো শেয়ারের মালিক নই: ড. ইউনূস

দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। এসব হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং জড়িত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলেও স্পষ্ট করেছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ।

বিবৃতিতে ড. ইউনূস বলেন, সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে তাঁর নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। বাড়িটি থেকেই তাঁর কাজের সূচনা হয়েছিল, যা পরবর্তী সময়ে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। বর্তমানে তাঁর দুই ছোট ভাই পরিবার নিয়ে সেখানে বসবাস করছেন।

গ্রামীণ ব্যাংকের ওপর ধারাবাহিক হামলাকে আরও উদ্বেগজনক ও মর্মান্তিক উল্লেখ করে তিনি বলেন, গ্রামীণ ব্যাংক দরিদ্র মানুষের, বিশেষত দরিদ্র নারীদের মালিকানাধীন একটি বিশ্বস্বীকৃত ব্যাংক। ২০ বছর আগে প্রতিষ্ঠানটি নোবেল শান্তি পুরস্কার অর্জন করে। এ বছর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদযাপিত হচ্ছে।

তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেল বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। দারিদ্র্য থেকে বেরিয়ে আসার পথ তৈরিতে এ মডেল আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিশেষ করে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, মর্যাদাপূর্ণ জীবনযাপন এবং সন্তানদের শিক্ষিত করে তোলার ক্ষেত্রে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বর্তমানে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এসব ঋণগ্রহীতাই ব্যাংকের মালিক। ফলে ব্যাংকটির ওপর হামলা মানে তাঁদের নিরাপত্তা, স্বাধীনতা ও সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।

ড. ইউনূসের দাবি, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা হয়েছে। হামলার ধরন দেখে মনে হচ্ছে, অপরাধীরা প্রতিদিন এ ধরনের হামলা চালানোর নির্দেশনা পাচ্ছে।

তিনি আরও বলেন, কয়েকটি ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন। এসব ঘটনায় লাখ লাখ গ্রামীণ নারীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তাঁদের কাছে গ্রামীণ ব্যাংক পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা ও দৈনন্দিন প্রয়োজন মেটানোর অন্যতম অবলম্বন।

বিবৃতিতে তিনি দাবি করেন, সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নেই। একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে।

গ্রামীণ ব্যাংকের মালিকানা নিয়ে অপপ্রচারের অভিযোগ তুলে ড. ইউনূস বলেন, হামলাকারীরা দাবি করছে, গ্রামীণ ব্যাংকের মালিক তিনি এবং ব্যাংকটি তিনিই পরিচালনা করেন। অথচ ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার।

তিনি বলেন, ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। গ্রামীণ ব্যাংকের কোনো শেয়ারের মালিক তিনি নন, কখনো ছিলেনও না।

বিবৃতিতে আরও বলা হয়, গ্রামীণ ব্যাংক তার ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে। যাতে দরিদ্র নারীদের জন্য ব্যাংকটির সেবা নির্বিঘ্নে চালু রাখা যায়।

ড. ইউনূস বলেন, হামলার ঘটনাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। যেখানে যেখানে হামলার ঘটনা ঘটেছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ায় তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।

বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদের উদ্দেশে তিনি বলেন, যারা এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত, বিশেষ করে সর্বোচ্চ পর্যায়ের পরিকল্পনাকারীদের শুভবুদ্ধি ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে হবে।

বিবৃতির শেষাংশে ড. ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা শুধু একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, বরং দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তোলা এবং কোটি মানুষের জীবনকে মর্যাদাপূর্ণ করার বৈশ্বিক প্রচেষ্টার ওপরও আঘাত। দরিদ্র নারীদের ব্যাংক গ্রামীণ ব্যাংককে রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।