পাঁচ বীমা প্রতিষ্ঠানের ৫ হাজার ৯৭২ গ্রাহক পাবেন ২০ কোটি টাকা
বীমা খাতে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন বৈধ বীমাদাবি নিষ্পত্তির ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে আগামীকাল রবিবার (৮ নভেম্বর) বীমাদাবি পরিশোধ কার্যক্রমের চতুর্থ ধাপ অনুষ্ঠিত হবে। এ পর্যায়ে পাঁচটি বীমা প্রতিষ্ঠানের ৫ হাজার ৯৭২ জন পলিসিধারীকে মোট ২০ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৩০৮ টাকা পরিশোধ করা হবে।
শনিবার (৭ নভেম্বর) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ তথ্য জানিয়েছে।
আইডিআরএর তথ্য অনুযায়ী, বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৪১ জন পলিসিধারীকে ৭ লাখ টাকা পরিশোধ করবে।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১ হাজার ৭৪ জন পলিসিধারীকে দেবে ৮ কোটি ৩৭ লাখ টাকা।
হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩ হাজার ১৬৩ জন পলিসিধারীকে পরিশোধ করবে ৫ কোটি ৪ লাখ ১৪ হাজার ৭০৭ টাকা।
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ১ হাজার ৩৫০ জন পলিসিধারীকে দেবে ৫ কোটি টাকা।
এ ছাড়া প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩৪৪ জন গ্রাহকের বীমাদাবি বাবদ পরিশোধ করবে ১ কোটি ৬৬ লাখ ৮১ হাজার ৬০১ টাকা।
আইডিআরএ জানিয়েছে, বীমা গ্রাহকদের দীর্ঘদিনের অনিষ্পন্ন বৈধ দাবি নিষ্পত্তি, তাঁদের ন্যায্য পাওনা নিশ্চিত করা এবং বীমা খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে সংস্থাটি। গ্রাহকের স্বার্থ সুরক্ষা এবং বীমা খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।










Disqus comments are not configured yet.