শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
[gtranslate]
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন কমিটিকে বরণ ও অভিভাবক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন কমিটিকে বরণ ও অভিভাবক সমাবেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৭১ নম্বর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত পরিচালনা কমিটির সদস্যদের বরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ এনামুল হকসহ কমিটির অন্যান্য সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

পরে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ এনামুল হক শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং সন্তানদের পড়াশোনার বিষয়ে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী উপহার তুলে দেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রাহাত আলমের উপস্থিতিতে অনুষ্ঠানে পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে নবগঠিত পরিচালনা কমিটির সদস্যরা বৃক্ষরোপণ করেন।

বাজিতপুরে জমির মালিকানা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, মনিরের সংবাদ সম্মেলন

সাব্বির আহমদ মানিক প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
বাজিতপুরে জমির মালিকানা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, মনিরের সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জের বাজিতপুরে আমিনুল হকের স্ত্রী লায়লা আঞ্জুমান আরা বেগমের সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় বাজিতপুর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনিরুজ্জামান মনির বলেন, তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে লায়লা আঞ্জুমান আরা বেগম যে সংবাদ সম্মেলন করেছেন, সেখানে দেওয়া বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও মানহানিকর। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ও বাস্তবতা যাচাই না করে এ ধরনের বক্তব্যের মাধ্যমে তাঁর ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে তিনি দাবি করেন। এ বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তিনি।

জমির মালিকানা প্রসঙ্গে মনির বলেন, প্রকৃত মালিকের কাছ থেকে বৈধ কাগজপত্রের ভিত্তিতে তিনি জমিটি কিনেছেন। তাঁর দাবি, সিএস ও আরএস রেকর্ড, খাজনা ও নামজারিসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেই জমি কেনা হয়েছে। অন্যদিকে, যারা জমিটির মালিকানা দাবি করছেন, তাঁদের কাছে বৈধ কাগজপত্র নেই বলে তিনি উল্লেখ করেন।

মামলার বিষয়ে তিনি বলেন, লায়লা আঞ্জুমান আরা বেগম জমি নিয়ে প্রথমে বাজিতপুর দেওয়ানি আদালতে একটি মামলা করেন। পরে কিশোরগঞ্জের দ্বিতীয় জেলা জজ আদালতেও আরেকটি মামলা করেন। তাঁর দাবি, দুটি মামলাই তাঁদের বিপক্ষে নিষ্পত্তি হয়েছে। পরবর্তী সময়ে হাইকোর্টে রুল জারি হলেও আইনগত প্রক্রিয়া শেষে তা বাতিল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

লিখিত বক্তব্যে জমির মালিকানা ও রেকর্ড সংশোধনের বিষয়ে মনিরুজ্জামান মনির আরও বলেন, বাজিতপুর উপজেলার বসন্তপুর মৌজার সংশ্লিষ্ট জমি নিয়ে ২০২১ সালে বিপুল চন্দ্র দাস বাদী হয়ে ১৭২ নম্বর অন্য প্রকার মোকদ্দমা দায়ের করেন। ওই মামলায় ২০২২ সালের ৩১ অক্টোবর রায় এবং ৭ নভেম্বর ডিক্রি হয় বলে তিনি উল্লেখ করেন। পরবর্তী সময়ে আদালতের রায় ও ডিক্রির ভিত্তিতে আরএস রেকর্ড সংশোধন করে বিপুল চন্দ্র দাসের নামে ৫১১ নম্বর খতিয়ান সৃজন করা হয়। তাঁর দাবি, ওই মালিকের কাছ থেকেই তিনি জমিটি কিনেছেন।

সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান মনির গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, কোনো পক্ষের বক্তব্য প্রচারের আগে সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ ও কাগজপত্র যাচাই করা প্রয়োজন। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে বলেন, প্রয়োজন হলে প্রচলিত আইন অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল হোসেন, সাবেক আহ্বায়ক মোস্তফা আমিনুল হক, সহসভাপতি মোহাম্মদ মহসিন মিয়া, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, সহসভাপতি আনোয়ার হোসেন খাজা, উপজেলা কৃষক দলের সদস্যসচিব ফাইজুল ইসলাম টিটু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজ ভূঁইয়াসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পাকুন্দিয়ার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কিশোরগঞ্জে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ
পাকুন্দিয়ার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কিশোরগঞ্জে গ্রেপ্তার

কিশোরগঞ্জে মারামারির মামলায় দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি মাসুদ রানা (৩৮) গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এসআরবি-১৪-এর সিপিসি-২-এর একটি আভিযানিক দল।

গ্রেপ্তার মাসুদ রানা কিশোরগঞ্জ সদর উপজেলার কাজিরগাঁও এলাকার ছফু মিয়া ওরফে মো. ছফির উদ্দিনের ছেলে। তিনি পাকুন্দিয়া থানার একটি মারামারির মামলায় দণ্ডিত ছিলেন। মামলাটির নম্বর ১৯(০৬)১৯ এবং দণ্ডবিধির ৩২৬ ধারায় তাঁকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাজা হওয়ার পর থেকে তিনি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।

এসআরবি-১৪ সূত্রে জানা গেছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের আইনের আওতায় আনতে ইউনিটটি কাজ করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সিপিসি-২, এসআরবি-১৪, কিশোরগঞ্জের একটি আভিযানিক দল মাসুদ রানার অবস্থান নিশ্চিত করে। পরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চৌদ্দশত বোর্ড বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ভৈরবে সহিংসতা-নৈরাজ্য ঠেকাতে অর্ধশতাধিক পুলিশ সদস্যের মহড়া

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
ভৈরবে সহিংসতা-নৈরাজ্য ঠেকাতে অর্ধশতাধিক পুলিশ সদস্যের মহড়া

কিশোরগঞ্জের ভৈরবে সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে শহরজুড়ে বিশেষ মহড়া দিয়েছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে ভৈরব থানা চত্বর থেকে অর্ধশতাধিক পুলিশ সদস্যের অংশগ্রহণে মহড়াটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় মহড়া পরিচালনা করেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

মহড়া শেষে ওসি মাহবুবুর রহমান বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভৈরব থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক ও তৎপর রয়েছে। গত ১১ নভেম্বর ভৈরব থানা পরিদর্শনে এসে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান শেলী পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার শহরে বিশেষ মহড়া পরিচালনা করা হয়েছে।

ওসি বলেন, ‘আমি ভৈরববাসীকে আশ্বস্ত করতে চাই, যারা ভৈরবের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে পুলিশ সর্বদা সজাগ রয়েছে। আমরা সব সময় ভৈরবের সর্বস্তরের শান্তিপ্রিয় মানুষের পক্ষে রয়েছি।’

তিনি আরও বলেন, ভৈরবে চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে পুলিশ ইতোমধ্যে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। বিশৃঙ্খলাকারীদের উদ্দেশে তিনি বলেন, ভৈরবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির কোনো সুযোগ নেই। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

পুলিশের এ মহড়ার মাধ্যমে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশের প্রস্তুতি ও সতর্কতার বার্তা দেওয়া হয়েছে।