রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে উচ্চশিক্ষার ভিসা পাওয়া সহজ হচ্ছে বাংলাদেশিদের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
জার্মানিতে উচ্চশিক্ষার ভিসা পাওয়া সহজ হচ্ছে বাংলাদেশিদের

জার্মানিতে উচ্চশিক্ষার প্রতি বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার নানা সুযোগ-সুবিধা থাকায় বাংলাদেশি শিক্ষার্থীদের কাছেও জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে জার্মানি। এবার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদনপ্রক্রিয়া সহজ করতে ডিজিটাল ব্যবস্থা চালু করছে দেশটির দূতাবাস।

২০২৭ সালের ১ জানুয়ারি থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের ভিসা আবেদনে চালু হচ্ছে ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ (Auslandsportal)। নতুন এই ব্যবস্থায় অনলাইনে আবেদনপত্র পূরণ, প্রয়োজনীয় নথিপত্র জমা এবং আবেদনের সর্বশেষ অবস্থা জানার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এতে অ্যাপয়েন্টমেন্টের জন্য দীর্ঘ অপেক্ষার সময় কমবে বলে আশা করছে দূতাবাস।

জার্মান দূতাবাস জানিয়েছে, আগের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এ সমস্যা কমিয়ে ভিসা আবেদনপ্রক্রিয়া আরও গতিশীল করতেই নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করা হচ্ছে।

নতুন ব্যবস্থায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন। পাশাপাশি ভিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদনসংক্রান্ত নথিপত্র প্রাথমিকভাবে যাচাইয়ের সুযোগ থাকবে।

দূতাবাসের নতুন ব্যবস্থায় অ্যাপয়েন্টমেন্টের দিন বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের কাজ আরও দ্রুত সম্পন্ন করা যাবে। এ ছাড়া ডিজিটাল পোর্টালের মাধ্যমে আবেদনের সর্বশেষ অগ্রগতিও জানতে পারবেন আবেদনকারীরা। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দেওয়ার সুবিধাও থাকছে।

  • দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া যাবে।
  • ভিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদনসংক্রান্ত নথিপত্র প্রাথমিকভাবে যাচাই করা যাবে।
  • অ্যাপয়েন্টমেন্টের দিন বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ ও নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।
  • ডিজিটাল পোর্টালের মাধ্যমে আবেদনের সর্বশেষ অগ্রগতি জানা যাবে।
  • প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দেওয়া যাবে।

দূতাবাস জানিয়েছে, নতুন ব্যবস্থায় আবেদন যাচাইয়ের সময় আগের তুলনায় কমে আসবে। তবে প্রতিটি আবেদনের ধরন ও পরিস্থিতি অনুযায়ী প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে

নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর ফলে আগের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় অপেক্ষমাণ থাকা আবেদনকারীদেরও নতুন করে আবেদন করতে হবে। অর্থাৎ, আগে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছিলেন, তাঁদের নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে পুনরায় আবেদন জমা দিতে হবে।

দূতাবাসের মতে, এ পরিবর্তন সাময়িকভাবে কিছুটা অসুবিধা তৈরি করলেও সামগ্রিকভাবে ভিসা আবেদনপ্রক্রিয়া আরও স্বচ্ছ ও সময়সাশ্রয়ী হবে। নতুন পদ্ধতিতে আবেদন প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়বে এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় কমে আসবে বলে আশা করা হচ্ছে।

জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীরা নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে নিবন্ধন করে আবেদন জমা দিতে পারবেন।

আবেদনের ওয়েবসাইট: https://digital.diplo.de/

আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র এবং বিস্তারিত নির্দেশনা ওই পোর্টাল ও জার্মান দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

উল্লেখ্য, জার্মানিতে উচ্চশিক্ষার জন্য প্রায় ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৮২টি বিশ্ববিদ্যালয়, ১৩৬টি অ্যাপ্লায়েড সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং সংগীত ও চারুকলাবিষয়ক ৪৬টি কলেজ রয়েছে। এসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রায় ২০ লাখ শিক্ষার্থীর মধ্যে ১২ শতাংশই বিদেশি। গত ১৫ বছরে জার্মানিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ হয়েছে।

চার মাসে প্রবাস আয় ১১৪৬ কোটি ডলার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ
চার মাসে প্রবাস আয় ১১৪৬ কোটি ডলার ছাড়াল

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে বৈধ ব্যাংকিং ব্যবস্থায় প্রবাস আয় এসেছে এক হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ডলার। এ সময়ে সবচেয়ে বেশি অর্থ পাঠিয়েছেন সৌদি আরবে কর্মরত বাংলাদেশিরা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চার মাসে সৌদি আরব থেকে এসেছে ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার।

অন্য দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার, মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার, ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার এবং কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার এসেছে।

এ ছাড়া ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ, সিঙ্গাপুর থেকে ৫৫ কোটি ৪ লাখ ৯০ হাজার এবং কাতার থেকে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

মাসওয়ারি হিসাবে, অক্টোবরে দেশে প্রবাস আয় এসেছে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলার। সেপ্টেম্বরে এসেছে ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার, আগস্টে ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার এবং জুলাইয়ে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার।

সারা দেশে নাশকতার পেছনে হাসিনার অনুসারীরা: রিজভী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ
সারা দেশে নাশকতার পেছনে হাসিনার অনুসারীরা: রিজভী

শেখ হাসিনার অনুসারীরা পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি পেয়ে সারা দেশে নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

আজ রবিবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে শেখ হাসিনার দোসররা উসকানি পেয়ে সারা দেশে নাশকতা করছে। গাড়িতে আগুন দিচ্ছে, গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরি করছে। তাদের মালিকানাধীন গার্মেন্টসে তারা শ্রমিকদের ঢুকতে দিচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। তবে তাদের এ চেষ্টা সফল হবে না। প্রতিদিনই তারা গ্রেপ্তার হচ্ছে।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনকে সহযোগিতা করার কথাও জানান রিজভী।

শেখ হাসিনার দণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘পতিত হাসিনার দণ্ড হয়েছে। তিনি কোনোভাবে ফিরে এলে তাঁর দণ্ড কার্যকর হবে।’

জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:৩৮ অপরাহ্ণ
জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘ই-ঋণ’ পুনরর্থায়ন স্কিমের মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর মাধ্যমে গ্রাহকরা এ ঋণ সুবিধা নিতে পারবেন।

ক্ষুদ্র উদ্যোক্তা, নারী, তরুণ, শিক্ষার্থী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজ শর্তে ডিজিটাল ঋণপ্রাপ্তির সুযোগ সম্প্রসারণ এ উদ্যোগের মূল লক্ষ্য।

অর্থনৈতিক বৈষম্য কমানো এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আর্থিক খাত গড়ে তোলার উদ্দেশ্যে স্কিমটি হালনাগাদ করা হয়েছে। গত ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন ব্যবস্থায় দেশের তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ঋণ দেওয়া হবে। গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ই-ওয়ালেটের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এ ঋণ নিতে পারবেন।

এ স্কিমের আওতায় সর্বোচ্চ ঋণের পরিমাণ ৫০ হাজার টাকা। ঋণের বিপরীতে গ্রাহককে কোনো জামানত দিতে হবে না। ফলে প্রচলিত ব্যাংকঋণ পেতে জামানত ও আনুষ্ঠানিকতার কারণে যারা সমস্যায় পড়েন, তাঁদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ স্কিমের আওতায় গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনরর্থায়ন সুবিধা পাবে। অর্থাৎ, কেন্দ্রীয় ব্যাংক কম সুদে ব্যাংকগুলোকে তহবিল সরবরাহ করবে, যাতে ব্যাংকগুলো নির্ধারিত শর্তে গ্রাহকদের ঋণ দিতে পারে।

ই-ঋণ পুনরর্থায়ন স্কিমে আর্থিকভাবে পিছিয়ে থাকা এবং ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অগ্রাধিকারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন প্রান্তিক ও নিম্নআয়ের মানুষ, নারী ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী ব্যক্তিরা।

তবে এ সুবিধা পেতে আগ্রহীদের সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকের মাধ্যমে আবেদন করতে হবে এবং নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়, মতিঝিল থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্কিমটির মেয়াদ ৩০ জুন ২০২৮ পর্যন্ত বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকটির সহকারী মুখপাত্র সাঈদা খানম।