সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশিদের জন্য ইতালিতে কর্মসংস্থানের বড় সুযোগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
বাংলাদেশিদের জন্য ইতালিতে কর্মসংস্থানের বড় সুযোগ

শ্রমবাজারের চাহিদা মেটাতে ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নিয়োগের কোটা নির্ধারণ করেছে ইতালি। এ সুযোগের আওতায় বাংলাদেশসহ নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকেরা কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন। কৃষি, পর্যটন, গৃহস্থালি ও অন্যান্য খাতে এসব কর্মীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

ইতালির স্বরাষ্ট্র, শ্রম ও সামাজিক নীতি, কৃষি এবং পর্যটন মন্ত্রণালয়ের যৌথ নির্দেশনায় ২০২৭ সালের জন্য এ কোটা নির্ধারণ করা হয়েছে। দেশটির সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, মোট কোটার মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি, ৮৯ হাজার জন মৌসুমি এবং ৬৫০ জন স্বনির্ভর পেশায় কাজের সুযোগ পাবেন। অমৌসুমি কর্মীদের কোটার মধ্যে ১৪ হাজার জনের জন্য রাখা হয়েছে পারিবারিক পরিচর্যা খাত।

আগ্রহী প্রার্থীদের ইতালির নির্ধারিত নিয়ম ও নির্দেশনা মেনে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সাধারণত দেশটির ‘ফ্লুসি ডিক্রি’ (Decreto Flussi)-এর আওতায় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজের ভিসার আবেদন করা হয়।

অনলাইন আবেদনপ্রক্রিয়া শুরুর পর ইতালির নির্ধারিত পোর্টালের মাধ্যমে পাসপোর্টের কপি, চাকরির প্রস্তাব বা কাজের চুক্তিনামাসহ প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হয়। আবেদন করতে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল পোর্টাল বা অনুমোদিত কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে হবে।

ইতালির সরকারি নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালে কর্মী নিয়োগের আবেদনের প্রাথমিক তথ্য অনলাইনে পূরণের কার্যক্রম শুরু হয়েছে গত ২৩ অক্টোবর। এ প্রক্রিয়া চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত। আবেদন পূরণের জন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI পোর্টাল ব্যবহার করতে হবে।

তবে আবেদন জমা দেওয়ার মূল দায়িত্ব ইতালির নিয়োগকর্তার। অর্থাৎ, বৈধ নিয়োগকর্তার মাধ্যমে চাকরির প্রস্তাব ও প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ইতালিতে কর্মী নিয়োগের বিশেষ প্রশিক্ষণ প্রকল্পের যাবতীয় খরচ সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠান বহন করবে। ফলে প্রশিক্ষণার্থীদের এ জন্য কোনো অর্থ ব্যয় করতে হবে না।

এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জানিয়েছেন, কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী বা এজেন্সির ভূমিকার সুযোগ নেই। কেউ মধ্যস্থতার জন্য অর্থ লেনদেন করলে তাঁকে ভিসা দেওয়া হবে না।

রাষ্ট্রদূত জানান, ইতালির অভিবাসন আইনের ২৩ নম্বর অনুচ্ছেদের আওতায় গৃহীত প্রকল্পগুলো সম্পূর্ণভাবে নিয়োগদাতার চাহিদার ভিত্তিতে পরিচালিত হয়। ইতালির যেসব প্রতিষ্ঠানে কর্মী প্রয়োজন, তারা প্রথমে নিজেদের চাহিদা নির্ধারণ করে। এরপর সেই চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রকল্প তৈরি, প্রশিক্ষণার্থী নির্বাচন এবং তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

‘তোমাদের নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে হবে’-শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
‘তোমাদের নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে হবে’-শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতির সময় সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। আমরা স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল শিক্ষা চালু করছি। নবম শ্রেণি থেকে বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা নিতে হবে।’

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসেও তোমাদের অংশগ্রহণ থাকতে হবে। সেখানে ছয়-সাতটি খেলা থাকবে। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।’

শিক্ষার্থীদের বহুভাষায় দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে আরও একটি ভাষা শিখতে হবে। এ জন্য ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। এসব ভাষার মধ্যে ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ বিভিন্ন ভাষা অন্তর্ভুক্ত থাকবে।

ঢাকাকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারেক রহমান। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, খেলাধুলা এবং প্রাণী ও জীবজন্তুর প্রতি যত্নশীল হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের আপনজনদের জন্মদিনে তাদের গাছ উপহার দেবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে। ভাবতে পারো, পরিবেশ ভালো হলে আমার কী লাভ? লাভ আমাদের সবার।’

প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। তাই প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল হতে হবে। পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন, খেলাধুলা, ভাষা শিক্ষা ও সামাজিক দায়িত্ব পালনের মানসিকতা গড়ে তুলতে হবে। এসব গুণের সমন্বয়েই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।

এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন এবং সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন। এ ছাড়া রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থীও এ কার্যক্রমে অংশ নেন।

সংসদ ভবন পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন, লাইব্রেরি পরিদর্শন করেন এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে হোসেনপুরে বিএনপির মিছিল

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে হোসেনপুরে বিএনপির মিছিল

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে পৌর বিএনপি। সোমবার পৌর শহরে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের প্রধান প্রধান সড়কে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

মিছিলে হোসেনপুর পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল হক শফিক, সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন এবং পৌর ছাত্রদলের সদস্যসচিব মো. রিমন মিয়াসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশে-বিদেশে অবস্থান করে দেশকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের দোসররা গোপনে নাশকতা, গুজব ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র প্রতিহত করবেন।

বক্তারা আরও বলেন, দেশের গণতন্ত্র, শান্তি-শৃঙ্খলা ও জনগণের ভোটাধিকার রক্ষায় বিএনপি সব সময় রাজপথে ছিল, আছে এবং থাকবে। কোনো ফ্যাসিস্ট শক্তিকে এ দেশের মাটিতে আবার মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। দেশের বিরুদ্ধে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

এ সময় বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি আগামী দিনের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দেন।

প্রতিবাদ কর্মসূচিতে পৌর বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আয়োজকদের দাবি, কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

ভৈরবে পায়ের উরুতে লুকানো ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ
ভৈরবে পায়ের উরুতে লুকানো ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ ছায়ফুল খান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৬ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে শহরের সৈয়দ নজরুল ইসলাম সেতু-সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছায়ফুল খান ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের ফরিদ খানের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতু-সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা এক যুবককে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর পায়ের উরুতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাঁকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেওয়া হয়।

পরিদর্শক চন্দন গোপাল সুর আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ছায়ফুল খানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।