শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের ওপর নৃশংসতার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক আদালত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
রোহিঙ্গাদের ওপর নৃশংসতার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক আদালত

রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিনের নির্যাতন, হত্যা, যৌন সহিংসতা ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে গুরুতর পর্যবেক্ষণ তুলে ধরেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালত বলেছে, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী।

একই সঙ্গে এসব নৃশংসতার ঘটনা তদন্তে মিয়ানমার আন্তরিকতার পরিচয় দেয়নি। প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ এবং সাক্ষীদের কাছে পৌঁছানোর সুযোগ দিতেও দেশটি অসহযোগিতা করেছে বলে পর্যবেক্ষণে জানিয়েছে আদালত।

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে করা মামলার রায় পড়ার সময় এসব পর্যবেক্ষণ তুলে ধরেন আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) আদালতের ১৫ বিচারকের পক্ষে রায় পড়া শুরু করেন তিনি।

বিচারপতি ইউজি বলেন, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সামরিক বাহিনী তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযান শুরু করে। এর আগে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) দেশটির নিরাপত্তা চৌকি ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং বিভিন্ন গ্রামে অগ্নিসংযোগ করেছিল। আদালত এসব হামলার বিষয়টিও স্বীকার করেছে।

তবে আদালতে উপস্থাপিত প্রমাণে দেখা গেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী বিভিন্ন এলাকায় নির্বিচারে মানুষ হত্যা করেছে। পুরুষদের আলাদা করে হত্যা, ব্যাপক যৌন সহিংসতা এবং পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনাও ঘটিয়েছে তারা।

বিচারপতি ইউজি আরো বলেন, নিরাপত্তা বাহিনী শিশুদের ওপরও নৃশংসতা চালিয়েছে। এমনকি বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময়ও রোহিঙ্গাদের ওপর হামলা করা হয়েছে।

রায়ের পর্যবেক্ষণে তিনি বলেন, রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে মিয়ানমারে বসবাস করে আসছে। কিন্তু দেশটির বৈষম্যমূলক আইন ও বিভিন্ন বিধিনিষেধের কারণে ধীরে ধীরে তাদের অধিকার সংকুচিত হয়েছে। ফলে তারা সমাজে প্রান্তিক ও অরক্ষিত জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। সামরিক বাহিনীর সমর্থনে ছড়ানো বিদ্বেষমূলক বক্তব্যও রোহিঙ্গাদের বিরুদ্ধে শত্রুতা ও ঘৃণা বাড়িয়ে তুলেছে।

বিচারপতি ইউজি বলেন, রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতার ঘটনাগুলো নিয়ে মিয়ানমার আন্তরিকভাবে তদন্ত করতে ব্যর্থ হয়েছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য প্রমাণ ও সাক্ষীদের কাছে পৌঁছানোর সুযোগ দিতেও দেশটি অস্বীকৃতি জানিয়েছে। মামলার প্রমাণ মূল্যায়নের সময় মিয়ানমারের এই অসহযোগিতার বিষয়টি বিবেচনায় নিয়েছে আদালত।

মামলার রায় দিতে বিভিন্ন প্রমাণ ও সাক্ষীদের বক্তব্য বিবেচনায় নিয়েছে আইসিজে। বিচারপতি ইউজি জানান, গণহত্যা নিয়ে আগের মামলাগুলোর সঙ্গে তুলনা করার মতো পর্যাপ্ত বিচারিক নজির না থাকায় আদালতকে দুই পক্ষের উপস্থাপিত প্রমাণের ওপর নির্ভর করতে হয়েছে।

সাক্ষীদের জবানবন্দি, তাঁদের অভিজ্ঞতা এবং কোন পরিস্থিতিতে তাঁরা সাক্ষ্য দিয়েছেন, সেসব বিষয়ও বিবেচনায় নেওয়া হয়েছে। একই সঙ্গে সাক্ষ্য দেওয়ার কারণে তাঁদের ওপর প্রতিশোধ নেওয়া হতে পারে কি না, সেই আশঙ্কাও গুরুত্ব পেয়েছে।

বিচারপতি জানান, ২০১৭ সালের আগস্টের শেষ সপ্তাহে সহিংসতার শিকার হওয়া চারজন সাক্ষীর বক্তব্য শুনেছে আদালত। গাম্বিয়ার পক্ষ থেকে উপস্থাপিত সাক্ষীদের বিবরণকে বিশ্বাসযোগ্য বলে মনে করেছে আইসিজে। তাঁদের অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য জেরার সময়ও চ্যালেঞ্জ করা হয়নি।

বৃষ্টির মধ্যেও জমজমাট ফুটবল ম্যাচ, ছাতা মাথায় নিয়ে খেলা উপভোগ করলেন দর্শকেরা।

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
বৃষ্টির মধ্যেও জমজমাট ফুটবল ম্যাচ, ছাতা মাথায় নিয়ে খেলা উপভোগ করলেন দর্শকেরা।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার হাপানিয়া ইয়ংস্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মরহুম হাজী হোসেন আলী স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের প্রথম খেলা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
খেলা চলাকালে বৃষ্টি শুরু হলেও কমেনি দর্শকদের উচ্ছ্বাস। বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় নিয়ে মাঠে উপস্থিত দর্শকেরা উপভোগ করেন টানটান উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ এনামুল হক হৃদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আল-ইমরান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হোসেন্দী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সুরুজ মিয়া। বিশেষ অতিথি ছিলেন মো. রায়হান মিয়া ও আনিছুর রহমান ছোটন।
প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে খেলোয়াড়দের নৈপুণ্য এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সুন্দর সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।

কটিয়াদীতে তিন যানবাহনের ত্রিমুখী সংঘর্ষ, চালকসহ আহত ৪

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ
কটিয়াদীতে তিন যানবাহনের ত্রিমুখী সংঘর্ষ, চালকসহ আহত ৪

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে তিন যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে চালকসহ চারজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের সরকারি হ্যাচারি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি খালি মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে আসা একটি খালি পিকআপ (গরুবাহী গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিতে সজোরে ধাক্কা দেয়। এই ত্রিমুখী সংঘর্ষে গাড়ির চালকসহ চারজন গুরুতর আহত হন।
আহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা গেছে। তাঁরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকোট এলাকার মালেক মিয়ার ছেলে আজিজুল মিয়া (৩৫) এবং একই এলাকার আলী রহমানের ছেলে মো. ইমন (২৮)। তাৎক্ষণিকভাবে বাকি দুজনের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
কটিয়াদী হাইওয়ে থানার সার্জেন্ট রিয়াজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় এবং যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানসহ এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপিত।

শাহিন আলম প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ণ
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপিত।

‘প্রযুক্তির যুগে মানবিক মূল্যবোধ ও দর্শন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজে ইউনেস্কো ঘোষিত বিশ্ব দর্শন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কলেজের দর্শন বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
​দর্শন বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান জনাব মো: আবদুল হাফিজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: সিদ্দিক উল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর লুৎফুন নাহার এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান।
​আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জনাব শায়লা হোসেন তৃনা।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণে দর্শনচর্চার কোনো বিকল্প নেই। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে দর্শনকে কোনো নির্দিষ্ট জ্ঞানশাখার গণ্ডিতে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই; বরং জ্ঞানভিত্তিক, মানবিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ নির্মাণে দর্শনের ভূমিকা অনস্বীকার্য।
​আলোচনা সভার পূর্বে দিবসটি উপলক্ষে কলেজ ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে বিভাগের শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।