বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

সাত বীরশ্রেষ্ঠের স্বজনসহ ১০১ জনকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
সাত বীরশ্রেষ্ঠের স্বজনসহ ১০১ জনকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে সাতজন বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়সহ প্রায় ১০১ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারী অংশ নেন।

এর আগে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে হেঁটে সংবর্ধনাস্থলে পৌঁছান। এ সময় তাঁকে স্বাগত জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সঙ্গে চা-চক্রে অংশ নেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এর আগে শনিবার সকালে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে দিল ‘ফকির কমিটি’, অমান্যে জরিমানা-জেলের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
ফুলপুরে ভিক্ষার সময় বেঁধে দিল ‘ফকির কমিটি’, অমান্যে জরিমানা-জেলের ঘোষণা

ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তিতে শৃঙ্খলা ফেরাতে দিন ও সময় নির্ধারণ করে দিয়েছে স্থানীয় ‘ফকির কমিটি’। নির্ধারিত নিয়ম অমান্য করলে অর্থদণ্ড ও কারাদণ্ডের মতো শাস্তির ঘোষণাও দিয়েছেন কমিটির সভাপতি। তবে একটি বেসরকারি কমিটির এ ধরনের শাস্তি ঘোষণার এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে।

বুধবার (২৫ নভেম্বর) ফুলপুর বাজারের গোলচত্বরে হুইলচেয়ারে বসে হ্যান্ডমাইকে অন্য ভিক্ষুকদের উদ্দেশে এ ঘোষণা দেন ‘ভিক্ষুক সমিতি বা ফকির কমিটির সভাপতি’ মো. আনোয়ার হোসেন।

ঘোষণায় আনোয়ার হোসেন বলেন, হাটবার অর্থাৎ মঙ্গলবার ছাড়া বাজারে যত্রতত্র ভিক্ষা করা নিষিদ্ধ। সপ্তাহের অন্যান্য দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত নিয়ম মেনে ভিক্ষা করতে হবে। বিকেল ৫টার পর কেউ বাজারে ভিক্ষা করলে তাঁকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং তিন দিনের কারাদণ্ড দেওয়া হবে।

এ সময় তাঁর সঙ্গে থাকা স্ট্যান্ডে কমিটির অনুমোদিত একটি পরিচয়পত্র বা কাগজপত্রও ঝোলানো দেখা যায়।

ব্যতিক্রমী এ মাইকিং ও শাস্তির ঘোষণার পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। উপস্থিত কয়েকজন উৎসুক ব্যক্তি বিষয়টি মুঠোফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। পরে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের একাংশ বাজারে ভিক্ষুকদের ভিড় নিয়ন্ত্রণে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে একটি বেসরকারি সমিতি বা কমিটি কীভাবে জরিমানা ও কারাদণ্ডের মতো আইনি শাস্তির ঘোষণা দিতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি আমাদের নজরে এসেছে। ইতিমধ্যে ওই ব্যক্তিকে খোঁজা হচ্ছে। কোন এখতিয়ারে বা কীভাবে তিনি এমন সাজার ঘোষণা দিলেন, তা গভীরভাবে খতিয়ে দেখা হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

অন্যের পরিচয়ে ৩৮ বছর বিজিবিতে চাকরি, সাবেক সিপাহীর ১৩ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
অন্যের পরিচয়ে ৩৮ বছর বিজিবিতে চাকরি, সাবেক সিপাহীর ১৩ বছরের কারাদণ্ড

অন্যের নাম ও পরিচয় ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ৩৮ বছর বিজিবিতে (সাবেক বিডিআর) চাকরি করার দায়ে সাবেক সিপাহী আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চাকরিকালে উত্তোলন করা বেতন-ভাতা সুদসহ হিসাব করে সমপরিমাণ অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ রায় দেন। রায়ের আগে পর্যবেক্ষণে বিচারক বলেন, ‘এটি জাল-জালিয়াতির উৎকৃষ্ট মামলা।’

সাজার তথ্য নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খন্দকার শামীম হোসেন বলেন, ছদ্মবেশ ধারণ করে বা অন্য ব্যক্তির পরিচয় দিয়ে প্রতারণার দায়ে আকবর আলীকে তিন বছরের কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ দলিল জাল করার অপরাধে তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও দেড় বছর কারাভোগ করতে হবে।

এ ছাড়া প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতির দায়ে চার বছরের কারাদণ্ড, দুই লাখ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জাল দলিল প্রতারণামূলক বা অসাধুভাবে আসল দলিল হিসেবে ব্যবহারের অপরাধে তাঁকে এক বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুদকের আইনজীবী শামীম হোসেন জানান, ছদ্মনাম ব্যবহার করে সিপাহী পদে চাকরিকালে উত্তোলন করা বেতন-ভাতা সুদসহ হিসাব করে সমপরিমাণ অর্থ সরকারি কোষাগারে ফেরত দিতে হবে। এ জন্য আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে।

আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু জানান, আসামির সাজাগুলো ধারাবাহিকভাবে কার্যকর হবে। ফলে তাঁকে মোট ১৩ বছর কারাভোগ করতে হবে। আসামি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন আদালত।

রায়ের আগে পর্যবেক্ষণে বিচারক বলেন, ‘এটি জাল-জালিয়াতির উৎকৃষ্ট মামলা। কীভাবে সবকিছু জাল-জালিয়াতি করে দীর্ঘ ৩৮ বছর চাকরি করে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা তুলে নেয়!’

মামলার অভিযোগ থেকে জানা যায়, ১৯৮৩ সালে সিরাজগঞ্জ সদরে বিডিআরের সিপাহী পদে নিয়োগের জন্য লাইনে দাঁড়ান আকবর আলী ও জাহাঙ্গীর আলম। তাঁদের মধ্যে জাহাঙ্গীর আলম নিয়োগের জন্য নির্বাচিত হন। তিনি রাজাপুর হাইস্কুল থেকে অষ্টম শ্রেণি পাসের সনদ ও ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদ জমা দেন। তবে পারিবারিক কারণে তিনি চাকরিতে যোগ দেননি। অন্যদিকে আকবর আলী ওই পদে চাকরির জন্য অযোগ্য বিবেচিত হন।

অভিযোগ অনুযায়ী, জাহাঙ্গীর আলমের অগোচরে তাঁর নাম, পরিচয় ও শিক্ষাগত যোগ্যতার সনদ ব্যবহার করে ১৯৮৩ সালের ১ মার্চ বিডিআরে সিপাহী পদে যোগ দেন আকবর আলী। এরপর দীর্ঘদিন ওই পরিচয়ে চাকরি করে সরকারি বেতন-ভাতা উত্তোলন করেন।

দুদকের অনুসন্ধানে বিজিবি সদর দপ্তরে সংরক্ষিত চাকরির নথি, পুলিশি তদন্ত ফরম ও শিক্ষাগত যোগ্যতার সনদ পর্যালোচনা করে পরিচয় জালিয়াতির তথ্য পাওয়া যায়। নথিতে দেখা যায়, চাকরিতে যোগদানের সময় জাহাঙ্গীর আলমের জন্মতারিখ ছিল ১৯৬৪ সালের ৩১ ডিসেম্বর। পরবর্তী সময়ে চাকরির খতিয়ান বইয়ে তা পরিবর্তন করে ১৯৬৪ সালের ১ মার্চ করা হয়। একইভাবে জাহাঙ্গীর আলমের বাবা মো. মহির উদ্দিনের পরিবর্তে আকবর আলীর বাবা জসিম উদ্দিন মণ্ডলের নাম এবং স্থায়ী ঠিকানাও পরিবর্তন করা হয়।

এ ছাড়া নিজের পরিচয় আড়াল করতে জাতীয় পরিচয়পত্রেও মো. জাহাঙ্গীর আলম নাম ব্যবহার করেন আকবর আলী। তবে সেখানে বাবার নাম হিসেবে মৃত জসিম উদ্দিন মণ্ডলের নাম উল্লেখ করেন।

অনুসন্ধানে আরও জানা যায়, ১৯৮৪ সালের ১০ জানুয়ারি সম্পাদিত তাঁর বিয়ের কাবিননামাতেও মো. জাহাঙ্গীর আলম নাম ব্যবহার করা হয়। সেখানে বাবার নাম মো. মহির উদ্দিন (জসিম উদ্দিন মণ্ডল) এবং দাদার নাম পলান মণ্ডল উল্লেখ করা হয়। তবে প্রকৃত জাহাঙ্গীর আলম জানান, তাঁর বাবার নাম মহির উদ্দিন এবং দাদার নাম পর্বত উল্লাহ শেখ।

সিরাজগঞ্জের ১০ নম্বর সয়দাবাদ ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যানের দেওয়া তথ্যেও জালিয়াতির বিষয়টি উঠে আসে। চেয়ারম্যান জানান, কোনাগাতী গ্রামের জাহাঙ্গীর আলম ১৯৮৩ সালে বিডিআরে চাকরির জন্য নির্বাচিত হলেও যোগদান করেননি। এমনকি ওই ব্যক্তি ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত ওই গ্রামে বসবাসও করেননি। জাহাঙ্গীর আলম নিজেও দুদকের কাছে একই তথ্য দেন এবং তাঁর পরিচয় ব্যবহার করে আকবর আলীর চাকরি নেওয়ার বিষয়টি জানান।

অনুসন্ধানে পাওয়া তথ্য-প্রমাণ, সাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনা করে আকবর আলীর বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। এ অভিযোগে দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্র ২০২২ সালের ৭ জুন মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, ১৯৮৩ সালের ১ মার্চ থেকে ২০২২ সালের ২৫ মে অবসর গ্রহণ পর্যন্ত প্রায় ৩৮ বছর অন্যের পরিচয়ে চাকরি করে সরকারি বেতন-ভাতা উত্তোলন করেন আকবর আলী। মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ২১ এপ্রিল তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন সাধন চন্দ্র সূত্র।

গত বছরের ১০ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ১৫ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন। আসামি পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি। যুক্তিতর্ক উপস্থাপন শেষে বুধবার আদালত এ রায় দেন।

ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের আত্মহত্যা বেড়েছে, ৪ বছরে ১ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের আত্মহত্যা বেড়েছে, ৪ বছরে ১ হাজারের বেশি

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে দেশটির অন্তত ১ হাজার ৮৭ জন সেনা আত্মহত্যা করেছেন। ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে ইউক্রেন ও রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের হাতে আসা রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা ‘রসস্ট্যাট’-এর গোপন নথিতে এসব তথ্য পাওয়া গেছে। প্রায় ১ কোটি ১০ লাখ মৃত্যু সনদের তথ্যভাণ্ডার থেকে ফাঁস হওয়া উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, যুদ্ধ শুরুর পর থেকে রুশ সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে।

নথি অনুযায়ী, যুদ্ধ ও সামরিক কার্যক্রম-সংশ্লিষ্ট আত্মহত্যার ঘটনা ২০২২ সালে ৫০টির কিছু বেশি থাকলেও গত বছর তা বেড়ে ৩৬৫টিতে দাঁড়ায়। এ ছাড়া ইউক্রেন ও এর আশপাশের এলাকায় আরও ৮৮৫ জনের মৃত্যুর ঘটনা পাওয়া গেছে। এসব মৃত্যুর কারণ হিসেবে নথিতে ‘আগ্নেয়াস্ত্রজনিত আঘাত’ উল্লেখ করা হলেও প্রকৃত কারণ নিশ্চিত করা হয়নি। বিশেষজ্ঞদের ধারণা, এসব ঘটনার মধ্যেও আত্মহত্যার ঘটনা থাকতে পারে।

রাশিয়া সরকার সামরিক হতাহতের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করে না। তবে ইউক্রেনের হিসাব অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত যুদ্ধে রাশিয়ার ১৬ লাখ ৪১ হাজার ৪৮৯ জন সেনা হতাহত হয়েছেন। এ হিসাবের মধ্যে নিহত ও আহত উভয়ই রয়েছেন। সংখ্যাটি রাশিয়ার বর্তমানে কর্মরত মোট ১৫ লাখ সেনার চেয়েও বেশি।

এদিকে ফিন্যান্সিয়াল টাইমস রসস্ট্যাটের ফাঁস হওয়া নথি বিশ্লেষণ করে জানিয়েছে, ২০২২ সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ১ হাজার ২২৯ জন রুশ সেনা আত্মহত্যা করেছেন। পত্রিকাটির বিশ্লেষণে দেখা গেছে, সাধারণ মানুষের তুলনায় রুশ সেনাদের মধ্যে আত্মহত্যার হার দ্বিগুণেরও বেশি।

যুদ্ধ যত দীর্ঘ হয়েছে, সেনাদের আত্মহত্যার সংখ্যাও তত বেড়েছে। ২০২৩ সালে ২৩৫ জন রুশ সেনা আত্মহত্যা করেন। ২০২৪ সালে এ সংখ্যা বেড়ে প্রায় ৩০০ এবং ২০২৫ সালে ৩৭১-এ দাঁড়ায়। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে চলতি বছর রুশ সেনাদের আত্মহত্যার সংখ্যা ৪০০ ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, মোট আত্মহত্যার ৬০০টির বেশি ঘটনা ঘটেছে ইউক্রেনের রাশিয়ার আংশিক নিয়ন্ত্রণে থাকা সম্মুখসারির এলাকাগুলোতে। এসব এলাকাতেই যুদ্ধের সবচেয়ে তীব্র ও প্রাণঘাতী লড়াই চলছে।

এদিকে সোমবার প্রকাশিত এক তথ্যে জানা গেছে, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে প্রায় ৭ লাখ রুশ সেনা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। চলতি মাসের শুরুতে হ্যাকিংয়ের মাধ্যমে ফাঁস হওয়া রসস্ট্যাটের গোপন নথি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

নির্বাসিত রুশ সংবাদমাধ্যম মেদুজা ও মিডিয়াজোনার বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধে রুশ বাহিনীর ৪ লাখ ৯০ হাজার সেনা নিহত হয়েছেন। এর সঙ্গে নিখোঁজ সেনাদের সংখ্যা যোগ করলে মোট প্রাণহানির পরিমাণ ৭ লাখ ছাড়িয়ে যায়। ইউক্রেনের দাবি, শুধু ২০২৬ সালেই রাশিয়া ৩ লাখ সেনা হারিয়েছে। আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার মোট সেনা হতাহতের ১৮ শতাংশই ঘটেছে চলতি বছরে। অথচ যুদ্ধের মোট সময়ের মাত্র ১৬ শতাংশ ছিল এই সময়কাল।

গত সেপ্টেম্বরে ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলোর এক হিসাবেও বলা হয়, ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত প্রায় ৫ লাখ রুশ সেনা নিহত হয়েছেন। পশ্চিমা কর্মকর্তাদের মতে, রুশ বাহিনীর প্রাণহানির সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে।

গত আগস্টে দেওয়া তাদের তথ্য অনুযায়ী, ক্রেমলিন প্রতি মাসে যত নতুন সেনা নিয়োগ দিচ্ছে, তার চেয়ে প্রায় ৬ হাজার বেশি সেনা হারাচ্ছে। ইউক্রেনের জেনারেল স্টাফের দাবি, ২০২৬ সালের অক্টোবর ছিল ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে রুশ বাহিনীর জন্য সবচেয়ে প্রাণঘাতী মাস।