হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীর লোগো উন্মোচন
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে লোগো উন্মোচন করা হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে তুলে ধরা হয় বিদ্যালয়ের দীর্ঘ পথচলা, গৌরবময় ইতিহাস ও স্মৃতিময় অধ্যায়।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ লোগো উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. সুরাইয়া ইয়াসমিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আনিসুজ্জামান বাবুলের সভাপতিত্বে এবং প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাজহারুল ইসলাম বিদ্যালয়ের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি বিদ্যালয়ের মাঠে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান শিক্ষক আব্দুল গনি, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মো. মাসুদুল হাসান, কিশোরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হক।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিদ্যালয়ের ৫০ বছরের গৌরবময় ইতিহাস ও স্মৃতিচারণমূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন। প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শিত এ প্রামাণ্যচিত্রে বিদ্যালয়ের দীর্ঘ পথচলা ও স্মৃতিময় অধ্যায় তুলে ধরা হয়। পরে নৃত্য, পুতুলনাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর আয়োজনে সুবর্ণজয়ন্তীর লোগো উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।













Disqus comments are not configured yet.