মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে নারীর কাছ থেকে প্রায় ৪ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কিশোরগঞ্জে নারীর কাছ থেকে প্রায় ৪ হাজার ইয়াবা উদ্ধার

কিশোরগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ৩ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোজিনা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেল, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাজামিন ফজলে রাব্বির সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত কিশোরগঞ্জ মডেল থানাধীন বিন্নাটি বাজার এলাকায় ঈসাখাঁ ট্রান্সপোর্ট অফিসের পশ্চিম পাশে সড়কে অভিযান চালানো হয়। এ সময় রোজিনা বেগমের কাছ থেকে অ্যামফিটামিনযুক্ত ৩ হাজার ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রোজিনা বেগম কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পঞ্চবটি পুকুরপাড় এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম সোহাগ মিয়া। তিনি মৃত ইব্রাহীম ও মৃত রাবিয়ার মেয়ে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. ওবায়দুল্লাহ খান বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত চায় রাষ্ট্রপক্ষ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:২২ অপরাহ্ণ
জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত চায় রাষ্ট্রপক্ষ

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানিয়েছেন, জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানাবে রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানি শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সকাল ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে। শুনানির কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে। নিরাপত্তা শঙ্কার কারণে আসামি জিয়াউল আহসান সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে যুক্ত হয়েছেন।

এর আগে ২২ নভেম্বর জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দেন তাঁর আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্য দেওয়ার সময় তিনি মামলাসংশ্লিষ্ট কিছু কাগজপত্র ও ভিডিও উপস্থাপন করেন।

এর আগে ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

সরকারি গাড়ি নিয়ে নতুন নির্দেশনা আইন মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
সরকারি গাড়ি নিয়ে নতুন নির্দেশনা আইন মন্ত্রণালয়ের

অধস্তন আদালতের যেসব বিচারকের জন্য সরকারি গাড়ি বরাদ্দ রয়েছে, তাঁরা আইন মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া সংশ্লিষ্ট কর্মস্থল জেলার বাইরে ওই গাড়ি নিতে পারবেন না। এ বিষয়ে নির্দেশনা জারি করেছে আইন মন্ত্রণালয়ের বিচার শাখা।

রোববার (২২ নভেম্বর) মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. সাইফুজ্জামান এ নির্দেশনা জারি করেন।

সোমবার (২৩ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম নির্দেশনাটি সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠান।

নির্দেশনায় বলা হয়েছে, জেলা পর্যায়ের বিচারকদের অনুকূলে বরাদ্দ করা সরকারি গাড়ি মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া নিজ নিজ কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না।

এ বিষয়ে সংশ্লিষ্ট বিচারকদের প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণের অনুরোধ জানিয়েছে আইন মন্ত্রণালয়।

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
স্বর্ণদ্বীপে তিন বাহিনীর মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে ঢাকা থেকে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপের উদ্দেশে যাত্রা করেন তিনি।

সেখানে তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন প্রধানমন্ত্রী। এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শনের পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন তিনি।

বিশেষ এ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস এবং বাংলাদেশ বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো এ যৌথ মহড়ার আয়োজন করা হয়েছে। নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখণ্ড স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রীর এটিই প্রথম পরিদর্শন।

মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।