জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত চায় রাষ্ট্রপক্ষ
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানিয়েছেন, জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানাবে রাষ্ট্রপক্ষ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানি শুরুর আগে সাংবাদিকদের এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সকাল ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে। শুনানির কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে। নিরাপত্তা শঙ্কার কারণে আসামি জিয়াউল আহসান সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না হয়ে ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে যুক্ত হয়েছেন।
এর আগে ২২ নভেম্বর জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দেন তাঁর আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্য দেওয়ার সময় তিনি মামলাসংশ্লিষ্ট কিছু কাগজপত্র ও ভিডিও উপস্থাপন করেন।
এর আগে ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।










Disqus comments are not configured yet.