বিদেশে অবস্থান করে সহিংসতায় উসকানি দিচ্ছেন আ.লীগ নেতারা: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিদেশে অবস্থান করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে অর্থ পাঠাচ্ছেন। তাঁদের নির্দেশনায় কিছু সন্ত্রাসী ও কিশোরকে ব্যবহার করে গাড়িতে আগুন দেওয়া, বিভিন্ন স্থাপনায় পেট্রল ঢেলে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টন থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
পলাতক শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের অগ্নিসন্ত্রাস, সহিংসতা এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
রিজভী বলেন, যারা দেশের বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস, সহিংসতা ও হত্যাকাণ্ডের নির্দেশ দিচ্ছে, তারা জনগণের প্রতিনিধিত্ব করতে পারে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান চেয়ে পাঠানোর মতো বক্তব্য তিনি কীভাবে দিতে পারেন, তা বোধগম্য নয়। কেউ যদি সত্যিকার অর্থে আইনকে সম্মান করেন, তাহলে তাঁকে আইনের কাছে আত্মসমর্পণ করে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করারও আইনগত সুযোগ রয়েছে। কিন্তু আইনি প্রক্রিয়ার পরিবর্তে বিদেশে অবস্থান করে বাংলাদেশে অগ্নিসংযোগ ও সহিংসতা উসকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, যত বড় শক্তিই ষড়যন্ত্র করুক না কেন, বাংলাদেশের জনগণ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদ এবং দেশের ভেতরে থাকা আধিপত্যবাদী শক্তির সহযোগীদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র, বিরোধী দলের অধিকার ও মানুষের কণ্ঠের স্বাধীনতা হরণের প্রতীক হয়ে উঠেছে। ক্ষমতায় ফিরে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট ও দুর্নীতির মাধ্যমে নিজেদের অর্থনৈতিক স্বার্থ হাসিলের সুযোগ পেতেই দলটি অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন রিজভী।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, মুক্তিযোদ্ধারা পাকিস্তানি শাসন ও শোষণের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলেন। তাঁদের সেই সংগ্রামের উদ্দেশ্য ছিল না পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য কোনো দেশের কাছে মাথা নত করা। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও তাঁর কর্মকাণ্ডে সেই চেতনার প্রতিফলন ছিল না বলে মন্তব্য করেন তিনি।
এর আগে সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হলে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নয়াপল্টনে মিছিল শুরুর আগে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় সভাপতি ইশরাক হোসেন এমপি। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত। এতে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।










Disqus comments are not configured yet.