বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের আত্মহত্যা বেড়েছে, ৪ বছরে ১ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের আত্মহত্যা বেড়েছে, ৪ বছরে ১ হাজারের বেশি

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে দেশটির অন্তত ১ হাজার ৮৭ জন সেনা আত্মহত্যা করেছেন। ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে ইউক্রেন ও রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের হাতে আসা রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা ‘রসস্ট্যাট’-এর গোপন নথিতে এসব তথ্য পাওয়া গেছে। প্রায় ১ কোটি ১০ লাখ মৃত্যু সনদের তথ্যভাণ্ডার থেকে ফাঁস হওয়া উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, যুদ্ধ শুরুর পর থেকে রুশ সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে।

নথি অনুযায়ী, যুদ্ধ ও সামরিক কার্যক্রম-সংশ্লিষ্ট আত্মহত্যার ঘটনা ২০২২ সালে ৫০টির কিছু বেশি থাকলেও গত বছর তা বেড়ে ৩৬৫টিতে দাঁড়ায়। এ ছাড়া ইউক্রেন ও এর আশপাশের এলাকায় আরও ৮৮৫ জনের মৃত্যুর ঘটনা পাওয়া গেছে। এসব মৃত্যুর কারণ হিসেবে নথিতে ‘আগ্নেয়াস্ত্রজনিত আঘাত’ উল্লেখ করা হলেও প্রকৃত কারণ নিশ্চিত করা হয়নি। বিশেষজ্ঞদের ধারণা, এসব ঘটনার মধ্যেও আত্মহত্যার ঘটনা থাকতে পারে।

রাশিয়া সরকার সামরিক হতাহতের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করে না। তবে ইউক্রেনের হিসাব অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত যুদ্ধে রাশিয়ার ১৬ লাখ ৪১ হাজার ৪৮৯ জন সেনা হতাহত হয়েছেন। এ হিসাবের মধ্যে নিহত ও আহত উভয়ই রয়েছেন। সংখ্যাটি রাশিয়ার বর্তমানে কর্মরত মোট ১৫ লাখ সেনার চেয়েও বেশি।

এদিকে ফিন্যান্সিয়াল টাইমস রসস্ট্যাটের ফাঁস হওয়া নথি বিশ্লেষণ করে জানিয়েছে, ২০২২ সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ১ হাজার ২২৯ জন রুশ সেনা আত্মহত্যা করেছেন। পত্রিকাটির বিশ্লেষণে দেখা গেছে, সাধারণ মানুষের তুলনায় রুশ সেনাদের মধ্যে আত্মহত্যার হার দ্বিগুণেরও বেশি।

যুদ্ধ যত দীর্ঘ হয়েছে, সেনাদের আত্মহত্যার সংখ্যাও তত বেড়েছে। ২০২৩ সালে ২৩৫ জন রুশ সেনা আত্মহত্যা করেন। ২০২৪ সালে এ সংখ্যা বেড়ে প্রায় ৩০০ এবং ২০২৫ সালে ৩৭১-এ দাঁড়ায়। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে চলতি বছর রুশ সেনাদের আত্মহত্যার সংখ্যা ৪০০ ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, মোট আত্মহত্যার ৬০০টির বেশি ঘটনা ঘটেছে ইউক্রেনের রাশিয়ার আংশিক নিয়ন্ত্রণে থাকা সম্মুখসারির এলাকাগুলোতে। এসব এলাকাতেই যুদ্ধের সবচেয়ে তীব্র ও প্রাণঘাতী লড়াই চলছে।

এদিকে সোমবার প্রকাশিত এক তথ্যে জানা গেছে, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে প্রায় ৭ লাখ রুশ সেনা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। চলতি মাসের শুরুতে হ্যাকিংয়ের মাধ্যমে ফাঁস হওয়া রসস্ট্যাটের গোপন নথি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

নির্বাসিত রুশ সংবাদমাধ্যম মেদুজা ও মিডিয়াজোনার বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধে রুশ বাহিনীর ৪ লাখ ৯০ হাজার সেনা নিহত হয়েছেন। এর সঙ্গে নিখোঁজ সেনাদের সংখ্যা যোগ করলে মোট প্রাণহানির পরিমাণ ৭ লাখ ছাড়িয়ে যায়। ইউক্রেনের দাবি, শুধু ২০২৬ সালেই রাশিয়া ৩ লাখ সেনা হারিয়েছে। আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়ার মোট সেনা হতাহতের ১৮ শতাংশই ঘটেছে চলতি বছরে। অথচ যুদ্ধের মোট সময়ের মাত্র ১৬ শতাংশ ছিল এই সময়কাল।

গত সেপ্টেম্বরে ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলোর এক হিসাবেও বলা হয়, ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত প্রায় ৫ লাখ রুশ সেনা নিহত হয়েছেন। পশ্চিমা কর্মকর্তাদের মতে, রুশ বাহিনীর প্রাণহানির সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে।

গত আগস্টে দেওয়া তাদের তথ্য অনুযায়ী, ক্রেমলিন প্রতি মাসে যত নতুন সেনা নিয়োগ দিচ্ছে, তার চেয়ে প্রায় ৬ হাজার বেশি সেনা হারাচ্ছে। ইউক্রেনের জেনারেল স্টাফের দাবি, ২০২৬ সালের অক্টোবর ছিল ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে রুশ বাহিনীর জন্য সবচেয়ে প্রাণঘাতী মাস।

ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমের বক্তব্যে আগুন সন্ত্রাসের প্রসঙ্গ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
ভৈরবে প্রতিমন্ত্রী শরীফুল আলমের বক্তব্যে আগুন সন্ত্রাসের প্রসঙ্গ

সংগ্রহীত ছবি

চব্বিশের আন্দোলনে পরাজিত শক্তি আবারও দেশের উন্নয়ন ব্যাহত করতে আগুন সন্ত্রাস শুরু করেছে বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, গত ১৭ বছরে গুম, খুন, অত্যাচার, জুলুম ও নির্যাতনের মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে। ভঙ্গুর করে দেওয়া হয়েছে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোও।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার জিল্লুর রহমান পৌর মিলনায়তনের আধুনিকায়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘এ দেশে মানুষের স্বাভাবিক মৃত্যুর কোনো নিশ্চয়তা ছিল না। কথা বলার স্বাধীনতা ও গণতন্ত্র ছিল না। একদলীয় বাকশাল কায়েমের একটি অলিখিত পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি। সেই পরাজিত শক্তি চব্বিশের আন্দোলনে ১ হাজার ৪০০ ছাত্র ও রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করেছে। হাজার হাজার মানুষকে গুম ও হত্যা করেছে। কিন্তু নয় মাস পেরিয়ে গেলেও সেই শক্তির কাছ থেকে কেউ একবারও শোনেনি যে তারা অনুতপ্ত।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের চলমান উন্নয়ন ব্যাহত ও নস্যাৎ করে আবারও দেশকে অন্ধকার যুগে ফিরিয়ে নিতে চায় পরাজিত শক্তি।

শরীফুল আলম বলেন, ‘চব্বিশের আন্দোলনে দেশের ছাত্র, আলেম সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের বিতাড়িত করেছেন, একইভাবে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে আবারও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পরাজিত শক্তির বিরুদ্ধে নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকতে হবে।’

ভৈরব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।

কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সংগ্রহীত ছবি

নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ আসর জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ অঞ্চল টিমের সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, সেক্রেটারি নাজমুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা নজরুল ইসলামসহ দলটির অন্যান্য নেতারা।

বক্তারা নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাট বন্ধে সরকারের অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

পাকুন্দিয়ায় অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সোলায়মান মিয়া (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) রাতে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের আলোর স্টোর বাজারের চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলায়মান মিয়া পাকুন্দিয়া পৌরসদরের শ্রীরামদি এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আলোর স্টোর বাজারে দর্জির কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সোলায়মান মিয়া রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গাজীপুর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে তাঁর মাথা, বুক ও পায়ে গুরুতর আঘাত লাগে।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. তাওহীদ উল ইসলাম বলেন, বুধবার রাতে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর মাথা, বুক ও পায়ে গুরুতর আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে কিশোরগঞ্জে পাঠানো হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।