রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন
এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ইসতিয়াক ইমনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা সভায় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, মানুষের পুষ্টির চাহিদা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, গুণগত মান নিশ্চিতকরণ এবং রপ্তানির উপযোগী পণ্য উৎপাদনে গুরুত্ব দিতে হবে।
বক্তারা আরও বলেন, প্রাণিসম্পদ খাতকে আধুনিক, টেকসই ও রপ্তানিমুখী হিসেবে গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, খামারি ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে খামারিদের প্রশিক্ষণ, উন্নত জাতের পশু-পাখি পালন এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রাণিসম্পদ মেলারও আয়োজন করা হয়। মেলার মাধ্যমে প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগ, সম্ভাবনা ও উন্নত প্রযুক্তি তুলে ধরা হয়।













Disqus comments are not configured yet.