শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ আমলের দুর্নীতিতে আর্থিক খাত দুর্বল হয়েছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
আওয়ামী লীগ আমলের দুর্নীতিতে আর্থিক খাত দুর্বল হয়েছে: ফখরুল
দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের আমলের অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারকে দায়ী করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের বেশি সময়ে ব্যাংক, বীমা ও পুঁজিবাজারসহ গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ আয়োজিত সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। অন্যদিকে খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে ৬ লাখ কোটি টাকা। ব্যবসায়ী অলিগার্কদের সঙ্গে যোগসাজশে বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় অবৈধ অর্থপ্রবাহ, জলবায়ুঝুঁকি ও প্রযুক্তিগত পরিবর্তন মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন মির্জা ফখরুল।

 

উপবৃত্তির আওতায় আসছে ৭৩ লাখ ২২ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ
উপবৃত্তির আওতায় আসছে ৭৩ লাখ ২২ হাজার শিক্ষার্থী
দেশের স্কুল, কলেজ ও মাদরাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনছে সরকার। একই সঙ্গে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনাবেতনে পড়ার সুযোগ পাবে। এ ছাড়া অনগ্রসর আরো ১২টি উপজেলাকে শতভাগ উপবৃত্তি কার্যক্রমে যুক্ত করা হচ্ছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী সর্বজনীনভাবে এ সুবিধা পাবে। দারিদ্র্যভিত্তিক মূল্যায়নের মাধ্যমে ছাত্রদেরও উপবৃত্তি দেওয়া হবে। সব মিলিয়ে ২০২৬-২৭ অর্থবছরে উপবৃত্তির আওতায় আসবে ৯৯ লাখ ৩৪ হাজার শিক্ষার্থী। এ জন্য উপবৃত্তি খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা।

বিএনপির নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী ‘সমন্বিত উপবৃত্তি কর্মসূচি’ বা হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রামের পরিধি সম্প্রসারণের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নারীশিক্ষার প্রসার, শিক্ষার্থীদের ঝরে পড়া কমানো, বাল্যবিবাহ রোধ এবং সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা জোরদার করাই এ কর্মসূচির লক্ষ্য। পাশাপাশি নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৪) অনুযায়ী সবার জন্য অবৈতনিক শিক্ষা নিশ্চিত করাও এর অন্যতম উদ্দেশ্য।

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, দেশের আর্থসামাজিক রূপান্তর, মানবসম্পদ উন্নয়ন ও নারীশিক্ষার প্রসারে ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রবর্তিত উপবৃত্তি কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, এ কর্মসূচির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলসহ সারা দেশের ছাত্রীদের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হতো। এতে মেয়েদের ঝরে পড়ার হার কমে এবং শিক্ষাক্ষেত্রে তাদের অংশগ্রহণ বাড়ে।

মাহদী আমিন আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে শতভাগ ছাত্রী উপবৃত্তি কর্মসূচি আবার চালু হতে যাচ্ছে।

তিনি শিক্ষা খাতের আধুনিকায়নে তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার, শিক্ষকদের মর্যাদা ও জীবনমান উন্নয়ন এবং শিক্ষাব্যবস্থাকে কর্মমুখী করার উদ্যোগের কথাও উল্লেখ করেন

শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতাধীন ‘ইমপ্রুভিং অ্যাকসেস অ্যান্ড রিটেনশন থ্রু হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম’ স্কিমের চতুর্থ সংশোধনীর মাধ্যমে এ কর্মসূচির পরিধি বাড়ানো হয়েছে।

গত ৮ অক্টোবর অর্থ বিভাগের নীতিগত সিদ্ধান্তের পর ১১ নভেম্বর সংশোধিত ডকুমেন্ট অনুমোদন দেওয়া হয়। ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় প্রশাসনিক অনুমোদন জারি করে। কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

সংশোধিত ডকুমেন্ট অনুযায়ী, স্কিমের মেয়াদ ২০১৮ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত অপরিবর্তিত রাখা হয়েছে। তবে মোট ব্যয় ৩৮৮ কোটি ৮৮ লাখ টাকা বাড়ানো হয়েছে।

তৃতীয় সংশোধনীতে অনুমোদিত ১৮ হাজার ৮০ কোটি ২৫ লাখ টাকার পরিবর্তে চতুর্থ সংশোধনীতে মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ১৮ হাজার ৪৬৯ কোটি ১৩ লাখ টাকা। এর মধ্যে ২০২৬ সালের জুন পর্যন্ত প্রকৃত ব্যয় হয়েছে ১৩ হাজার ৭৬২ কোটি ৩৫ লাখ টাকা। আর্থিক অগ্রগতি ৭৪ শতাংশ।

২০২৬-২৭ অর্থবছরে স্কিমের প্রাক্কলিত ব্যয় ৪ হাজার ৭০৬ কোটি ৭৮ লাখ টাকা। এর মধ্যে শুধু উপবৃত্তি খাতে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে উপকারভোগী ছিল ৬৫ লাখ ২৫ হাজার শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্রী ৩৯ লাখ ১৬ হাজার এবং ছাত্র ২৬ লাখ ৯ হাজার জন।

চতুর্থ সংশোধনীতে ২০২৬-২৭ অর্থবছরে ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী এবং ২৬ লাখ ১২ হাজার ছাত্রসহ মোট ৯৯ লাখ ৩৪ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার প্রাক্কলন করা হয়েছে।

এসইডিপির ডেপুটি প্রোগ্রাম কোঅর্ডিনেটর অধ্যাপক সাদেক আহমেদ খান বলেন, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শতভাগ ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার চূড়ান্ত অনুমোদন ও অর্থ ছাড় হয়েছে।

কর্মসূচির তথ্য অনুযায়ী, ১৯৯৪ সালে ‘ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট’সহ চারটি পৃথক প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক স্তরের ছাত্রীদের উপবৃত্তি চালু হয়। ২০০২ সালে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তি চালুর ধারাবাহিকতায় সেকায়েপ, সেসিপ, এসইএসপি ও এইচএসএসপি একীভূত হয়ে বর্তমান সমন্বিত উপবৃত্তি কর্মসূচি গড়ে ওঠে।

নতুন কাঠামোয় সব ছাত্রী উপবৃত্তি ও টিউশন ফি সুবিধার আওতায় এলেও প্রক্সি-মিনস টেস্ট (পিএমটি) পদ্ধতি অনুসরণ করা হবে। তবে দারিদ্র্য যাচাইয়ের ভিত্তিতে কোনো ছাত্রী বাদ পড়বে না। তথ্যভাণ্ডার ও গবেষণার জন্য এ তথ্য সংগ্রহ করা হবে।

অসচ্ছল পরিবারের ছাত্রদের ক্ষেত্রে হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে-২০২২ অনুযায়ী ৩০টি প্রশ্নের ভিত্তিতে ওয়েইটেজ ও কাট-অফ মার্কসে নির্বাচন বহাল থাকবে।

প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাক্তন ছিটমহলবাসী এবং জুলাই যোদ্ধা শিক্ষার্থীরা বিশেষ অগ্রাধিকার ও শতভাগ উপবৃত্তি পাবেন।

দেশের অনগ্রসর ১০টি উপজেলার সঙ্গে নতুন আরো ১২টি উপজেলাকে যুক্ত করে মোট ২২টি উপজেলার আবেদনের যোগ্য সব ছাত্র-ছাত্রীকে শতভাগ উপবৃত্তির সুবিধা দেওয়া হবে।

উপজেলাগুলো হলো—নাইক্ষ্যংছড়ি, আলীকদম, কুড়িগ্রাম সদর, রৌমারী, চর রাজিবপুর, চিলমারী, উলিপুর, ভুরুঙ্গামারী, কাহারোল, খানসামা, কুলিয়ারচর, মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম, খালিয়াজুরী, শাল্লা, ধর্মপাশা, দোয়ারাবাজার, আজমিরীগঞ্জ, হাতিয়া, চৌহালি ও মনপুরা।

স্কিম অনুযায়ী, উপবৃত্তি ধরে রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানে ন্যূনতম ৭৫ শতাংশ উপস্থিতি, বার্ষিক পরীক্ষায় কমপক্ষে ৪৫ শতাংশ নম্বর অর্জন, শিক্ষা বোর্ডের নিবন্ধন এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবিবাহিত থাকা বাধ্যতামূলক।

জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বায়োমেট্রিক নিবন্ধিত সিম যাচাইয়ের পর আইবাস++-এর মাধ্যমে জিটুপি (সরকার থেকে ব্যক্তি) পদ্ধতিতে উপবৃত্তির অর্থ পাঠানো হবে।

সরাসরি উপকারভোগী বা অভিভাবকের ব্যাংক, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাবে এ অর্থ যাবে। পুরোনো ছাত্রীদের নতুন হিসাব লাগবে না। নতুনদের ক্ষেত্রে বাবা-মা বা অভিভাবকের এনআইডি ও নিবন্ধিত সিম দিয়ে কেওয়াইসি অথবা যৌথ স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। ১৮ বছর বয়সে তা হালনাগাদ করতে হবে।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক বলেন, জিটুপি পদ্ধতিতে সরাসরি শিক্ষার্থীদের হিসাবে উপবৃত্তি, টিউশন ফি, পাবলিক পরীক্ষার ফি ও বই কেনার অর্থ পাঠানো হবে। আগামী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর মাধ্যমে কর্মসূচি উদ্বোধনের কথা রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতি চলছে।

তিনি জানান, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে সফটওয়্যার ও তথ্য জটিলতায় উপবৃত্তি থেকে বঞ্চিত প্রায় ১৬ লাখ শিক্ষার্থীর বকেয়া অর্থ পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শতভাগ ছাত্রীকে উপবৃত্তি দেওয়ার পাশাপাশি বিনাবেতনে পড়ার সুযোগ দিতে টিউশন ফি সুবিধা চালু করছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-ডিসেম্বর কিস্তির উপবৃত্তি, টিউশন ফি, দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফি এবং একাদশ শ্রেণির বই কেনার অর্থ প্রদানে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ চলছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভাগীয়, জেলা, উপজেলা ও মফস্বল পর্যায়ের শতভাগ ছাত্রী এবং দরিদ্র ও মেধার ভিত্তিতে বাছাই করা ছাত্ররা এসব সুবিধা পাবে।

তবে রাজধানীর নামি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভাগীয় শহরের বড় শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত হারের চেয়ে বেশি টিউশন ফি নেওয়ার প্রবণতা রয়েছে। এসব প্রতিষ্ঠানের তালিকাভুক্তি ও তথ্য এন্ট্রিতে অনীহার কারণে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা সুবিধাবঞ্চিত হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির উপপরিচালক অধ্যাপক সাইফুল আলম বলেন, ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে ছাত্রীদের শতভাগ উপবৃত্তির আওতায় আনতে দ্রুতগতিতে তথ্য সংগ্রহ চলছে। তবে বেশি বেতন নেওয়া প্রতিষ্ঠানগুলো অনেক সময় উপবৃত্তি কর্মসূচির আওতায় আসতে চায় না। এতে ওই সব প্রতিষ্ঠানে থাকা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হতে পারে। বিষয়টি কার্যকর করতে বাধ্যতামূলক নির্দেশনা থাকা জরুরি বলে মনে করেন তিনি।

অর্থ বিভাগ নির্ধারিত হার অনুযায়ী, শ্রেণিভেদে মাসিক উপবৃত্তি ২০০ থেকে ৪০০ টাকা এবং টিউশন ফি ৩৫ থেকে ৮০ টাকা। এ ছাড়া দশম থেকে দ্বাদশ শ্রেণিতে পরীক্ষার ফি ও বই কেনা বাবদ ১ হাজার থেকে দেড় হাজার টাকা এবং শিক্ষার্থীপ্রতি বার্ষিক ব্যয় ২ হাজার ৮২০ থেকে ৭ হাজার ২৬০ টাকা ধরা হয়েছে।

সমাজকল্যাণ সচিবের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
সমাজকল্যাণ সচিবের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয়
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের নাম, পদবি ও ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। বিভিন্ন ফোন নম্বর থেকে কল, মেসেজ ও অন্যান্য মাধ্যমে যোগাযোগ করে মানুষের কাছে টাকা চাওয়া হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

শুক্রবার (২৭ নভেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের নাম, পদবি ও ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন, মেসেজ ও অন্যান্য মাধ্যমে টাকা চাওয়া হচ্ছে।

এ কাজে +৮৮০১৩৪২-১৫৪১০৫ এবং ০৯৬৭৮-৯৪২২৮৮ নম্বর ব্যবহার করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ধরনের ফোনকল, মেসেজ বা আর্থিক লেনদেনের বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় পিএসসির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় পিএসসির  নির্দেশনা

৫১তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শুধু ঢাকা কেন্দ্রের ২৫টি পরীক্ষার হল ও শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষা সামনে রেখে পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির যুগ্ম সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার হলে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ঘড়ি, ক্যালকুলেটর, বইপুস্তক, ব্যাগ, চাবি, মানিব্যাগ, গয়না, ব্রেসলেট এবং ক্রেডিট বা ডেবিট কার্ডসদৃশ কোনো ডিভাইস নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এসব সামগ্রী সঙ্গে থাকলে কোনো পরীক্ষার্থীকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না।

পিএসসি জানিয়েছে, পরীক্ষার দিন হলের প্রবেশপথে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাই করা হবে। পাশাপাশি মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রীর উপস্থিতি তল্লাশি করা হবে। এসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরীক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবেন।

নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার বিষয়ে পরীক্ষার্থীদের সতর্ক করতে তাঁদের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে। পরীক্ষার্থীদের ওই এসএমএসের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কান খোলা রাখতে হবে। কানের ওপর কোনো ধরনের আবরণ রাখা যাবে না। কোনো পরীক্ষার্থীর হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ আগেই কমিশনের অনুমোদন নিতে হবে।

পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে। একই সঙ্গে বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। ভবিষ্যতে পিএসসি আয়োজিত সব নিয়োগ পরীক্ষায় তাঁকে অযোগ্য ঘোষণা করা হবে।

এ ছাড়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩-এর ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারার অধীন কোনো অপরাধ সংঘটন বা অপরাধ সংঘটনে সহায়তা করলে সংশ্লিষ্ট ধারায় বর্ণিত দণ্ডে দণ্ডিত হতে হবে।