বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১৩৭ ডলার, ভারত-পাকিস্তানের চেয়ে বেশি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:২৯ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১৩৭ ডলার, ভারত-পাকিস্তানের চেয়ে বেশি

তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ফলে মার্কিন ডলারের হিসাবে ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের মজুরি বেশি হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী, বাংলাদেশের নতুন এই ন্যূনতম মজুরি প্রায় ১৩৭ ডলার।

অন্যদিকে, ফ্যাশন ব্র্যান্ড এইচঅ্যান্ডএমের ২০২৫ সালের সরবরাহকারী কারখানার তথ্য অনুযায়ী, ভারতে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২৪ ডলার এবং পাকিস্তানে ১৩৫ ডলার। সে হিসাবে বাংলাদেশের নতুন মজুরি ভারতের চেয়ে ১০ দশমিক ৬ শতাংশ এবং পাকিস্তানের চেয়ে ১ দশমিক ৬ শতাংশ বেশি।

দেশের রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তা ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে বলেন, পোশাকশিল্পের সামগ্রিক সক্ষমতা ও অন্যান্য দিক বিবেচনায় নতুন ঘোষিত মজুরি কাঠামো সর্বোচ্চ। আঞ্চলিক অনেক প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে রয়েছে।

প্রতি ডলারের বিনিময়মূল্য ১২৪ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশের নতুন ন্যূনতম মজুরি দাঁড়ায় ১৩৭ দশমিক ১০ ডলার। আগের ১২ হাজার ৫০০ টাকার তুলনায় নতুন মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ।

আন্তর্জাতিক বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে শ্রমিকদের মজুরি তুলনায় এই পরিবর্তন গুরুত্বপূর্ণ।

বিশ্বের অন্যতম বৃহৎ ফ্যাশন ব্র্যান্ড এইচঅ্যান্ডএম গ্রুপের ২০২৫ সালের ‘ওয়েজেস ইন আওয়ার সাপ্লাই চেইন’ ড্যাশবোর্ডে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ আটটি গুরুত্বপূর্ণ পোশাক উৎপাদনকারী দেশের শ্রমিকদের মজুরি পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

২০২৬ সালের মার্চে হালনাগাদ করা এই ড্যাশবোর্ডে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। এতে সরবরাহকারী কারখানার শ্রমিকদের গড় মাসিক মজুরি ও ন্যূনতম মজুরির তথ্য আলাদাভাবে দেখানো হয়েছে।

এইচঅ্যান্ডএম ২০১৩ সাল থেকে তাদের সরাসরি সরবরাহকারী কারখানাগুলোতে শ্রমিকদের মজুরি পর্যবেক্ষণ করছে। প্রতিষ্ঠানটির ড্যাশবোর্ডে দেশভিত্তিক তথ্য স্থানীয় মুদ্রা ও মার্কিন ডলার—দুই হিসাবেই প্রকাশ করা হয়। অঞ্চল, রাজ্য ও শ্রমিকের শ্রেণিভেদে মজুরির পার্থক্য বিবেচনায় নিয়ে ন্যূনতম মজুরির ভারসাম্যপূর্ণ গড় হিসাব করা হয়।

২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশে নতুন করে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার রাতে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

তবে ভারত ও পাকিস্তানের তুলনামূলক তথ্য ২০২৫ সালের। ফলে এ তুলনায় সময়ের পার্থক্য রয়েছে। এটি একই সময়ের তিন দেশের জাতীয় আইনগত ন্যূনতম মজুরির তুলনা নয়; বরং বাংলাদেশের নতুন ঘোষিত মজুরির সঙ্গে এইচঅ্যান্ডএমের সরবরাহকারী কারখানার সর্বশেষ প্রকাশিত তথ্যের তুলনা।

নতুন মজুরি কাঠামোয় চারটি গ্রেড নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন চতুর্থ গ্রেডে মাসিক মজুরি ১৭ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০ টাকা। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে।

নিম্নতম মজুরি বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। নতুন সিদ্ধান্তের ফলে তিন বছরের ব্যবধানে আবারও শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ল।

কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সংগ্রহীত ছবি

নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ আসর জেলা শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ অঞ্চল টিমের সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, সেক্রেটারি নাজমুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা নজরুল ইসলামসহ দলটির অন্যান্য নেতারা।

বক্তারা নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাট বন্ধে সরকারের অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

পাকুন্দিয়ায় অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সোলায়মান মিয়া (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) রাতে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়কের আলোর স্টোর বাজারের চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলায়মান মিয়া পাকুন্দিয়া পৌরসদরের শ্রীরামদি এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আলোর স্টোর বাজারে দর্জির কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সোলায়মান মিয়া রাস্তা পার হচ্ছিলেন। এ সময় গাজীপুর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে তাঁর মাথা, বুক ও পায়ে গুরুতর আঘাত লাগে।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. তাওহীদ উল ইসলাম বলেন, বুধবার রাতে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর মাথা, বুক ও পায়ে গুরুতর আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে কিশোরগঞ্জে পাঠানো হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভারতের পররাষ্ট্রনীতির প্রভাব বাংলাদেশের সঙ্গেও পড়ছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
ভারতের পররাষ্ট্রনীতির প্রভাব বাংলাদেশের সঙ্গেও পড়ছে: তথ্যমন্ত্রী
সব প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান। তিনি বলেন, ভারতের পররাষ্ট্রনীতির প্রভাব বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্কের ক্ষেত্রেও পড়ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘ভারতের একটি অত্যন্ত খারাপ পররাষ্ট্রনীতি রয়েছে। এ কারণেই দেখবেন, সব প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ। শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ। ভারতের এই পররাষ্ট্রনীতির প্রভাব এখন বাংলাদেশের সঙ্গেও পড়ছে।’

তিনি অভিযোগ করেন, ভারতে বসে বাংলাদেশের অভ্যন্তরে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে এবং দেশটির গণমাধ্যম তাতে সমর্থন দিচ্ছে। এ পরিস্থিতিকে তিনি ভারতের পররাষ্ট্রনীতির ফল হিসেবে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে আন্দালিব রহমান বলেন, ‘এটা অনেক পরের ব্যাপার, অনেক পরের আলোচনা। এটি অন্য মন্ত্রণালয়ের বিষয়। সংশ্লিষ্ট ব্যক্তিরাই এ বিষয়ে কথা বলার ভালো অবস্থানে রয়েছেন।’

বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ভারত বাংলাদেশে হিন্দু-মুসলমানের সহাবস্থানের বিষয়টি ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দু-মুসলমান একই ছাদের নিচে শান্তিতে বসবাস করি। কয়েক দিন আগে যে দুর্গাপূজা হলো, বাংলাদেশের ইতিহাসে এ রকম পূজা হয়নি। কিন্তু কোনো রাজনৈতিক সংঘাতে হিন্দু বা সংখ্যালঘু কেউ জড়িয়ে পড়লে ভারত সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করে। কারণ, এটি বিজেপির স্থানীয় রাজনীতিতে সুবিধা দেয়।’

ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দেশটির গণমাধ্যমগুলো স্থানীয় রাজনীতিতে সুবিধা পাওয়ার জন্য এ ধরনের বিষয় তুলে ধরছে।

তিনি বলেন, ‘যাঁরা বোঝার, তাঁরা সবাই জানেন কোন পরিস্থিতিতে আওয়ামী লীগ দেশ থেকে চলে গেছে, জনগণ কীভাবে তাদের বিতাড়িত করেছে এবং বাংলাদেশে এখন কী পরিস্থিতি বিরাজ করছে। ভারত যেখানে স্থানীয় রাজনীতিতে সুবিধা পাবে, সে জন্যই এসব করছে।’

মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।