হোসেনপুরে বিএনপির ৩১ দফা প্রচার: ভিপি সোহেলের মনোনয়ন চায় নেতা-কর্মীরা
কিশোরগঞ্জের হোসেনপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নতুন বাজার মোড় থেকে শুরু করে হোসেনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল মোড়ে এ কর্মসূচির সমাপ্তি হয়।
লিফলেট বিতরণকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ নেন। তারা ব্যানার ও হ্যান্ডবিল নিয়ে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কার পরিকল্পনা জনসাধারণের মাঝে তুলে ধরেন।এ সময় নেতাকর্মীরা কিশোরগঞ্জ–হোসেনপুরের জনমানুষের নেতা খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেলকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-০১ বিএনপির মনোনীত প্রার্থী করার দাবিও জানান। তাদের স্লোগান ছিল—
“দুর্দিনের সোহেল ভাই, আমরা তোমায় ভুলি নাই;
ভিপি সোহেল ভাই, এমপি প্রার্থী তোমায় চাই।”
সমাপনী বক্তব্যে পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান বাদল ভাই বলেন, “৩১ দফা রাষ্ট্র কাঠামো শুধু বিএনপির কর্মসূচি নয়— এটি জাতির পুনর্গঠনের রূপরেখা।”
জাতীয়তাবাদী কর্মজীবী দলের কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান সোহেল বলেন, “এই লিফলেট বিতরণের মাধ্যমে আমরা জনগণের হাতে তারেক রহমানের চিন্তা, দর্শন ও প্রতিশ্রুতির বার্তা পৌঁছে দিচ্ছি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা মৎস্য দলের আহ্বায়ক অর্জুন, পৌর বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. দুলাল মিয়া, কৃষকদলের সাংগঠনিক সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু, কৃষকদল নেতা মো. হাবিবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।




