খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা শুক্রবার
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দুপুর আড়াইটায় এ সভা শুরু হবে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
বিএনপির উদ্যোগে নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত এই শোকসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট নাগরিক ও সমাজের প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা অংশ নেবেন। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিএনপি সাতদিনের শোক পালন করে। রাষ্ট্রীয়ভাবে তিনদিনের শোক পালন করা হয়, যার মধ্যে একদিন ছিল সাধারণ ছুটি।







