কিশোরগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত
সংগ্রহীত
কিশোরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়ে মো. রাকিব (১৭) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ রেলস্টেশন ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের হাজিরগল গ্রামের মো. সওদাগরের ছেলে। তিনি নীলগঞ্জ হাজী মোমতাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব তার নানাবাড়ি চৌধুরীহাটি থেকে বাড়িতে ফিরছিল। পথে বাড়ির নিকটবর্তী নীলগঞ্জ রেলস্টেশন ঘাট এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বেপরোয়া অটোরিকশা তাকে ধাক্কা দেয়।
ধাক্কায় রাকিব রাস্তার পাশে একটি বাড়ির টিনের বাউন্ডারিতে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা ইয়াকুব আলী জানান, রাকিবের বাবা একজন কলের মিস্ত্রি এবং দীর্ঘদিন ধরে অসুস্থ। তিন সন্তানের মধ্যে রাকিব ছিল বড়। পরিবারের আর্থিক সংকটের কারণে সে মাঝে মাঝে অটোরিকশা চালিয়ে সংসারে সহযোগিতা করত।
দুর্ঘটনার পর অটোরিকশাটি আটক রাখা হয়েছে। চালকের বাড়ি তাড়াইল উপজেলার খরমশি গ্রামে বলে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করা হয়েছে। তারা শনিবার (২৮ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




