সরারচরের আলোচিত ডাকাতি মামলায় মোবাইলসহ তিন ডাকাত আটক
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার উত্তর সরারচরে সংখ্যালঘু পরিবারের বাড়িতে সংঘটিত দুঃসাহসিক ডাকাতির ঘটনায় তিনজন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ মে) গাজীপুরে যৌথ অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলা ডিবি পুলিশ ও গাজীপুর জেলা পুলিশের সমন্বিত টিম তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উত্তর সরারচর এলাকার মনতোষ বণিকের বাড়িতে ৪-৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালংকার, রূপা, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। একই রাতে পাশের সরারচর বাজারেও পৃথকভাবে চুরির ঘটনা ঘটে, যা এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করে।
ঘটনার পর দীর্ঘ তদন্ত ও তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের ভিত্তিতে গাজীপুরে অভিযান পরিচালনা করা হয়। যৌথ অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয় এবং লুট হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- উত্তর সরারচর গ্রামের শামসুল হুদার ছেলে নজরুল ইসলাম বাবু , ত্রিশালের কাটাল রাজবাড়ী গ্রামের শুকুর আলীর ছেলে মোকলেস মিয়া এবং শ্রীপুর থানার চনপাড়া মোল্লাবাড়ির কালিমউদ্দিনের ছেলে ইদ্রিস আলী।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া অন্যান্য স্বর্ণালংকার ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মোট ৪ জন জড়িত ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ, যার মধ্যে একজন এখনো পলাতক।
বাজিতপুর থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা ও লুট হওয়া মালামাল উদ্ধারে আমাদের অভিযান চলমান রয়েছে।”
একই রাতে সংঘটিত ডাকাতি ও চুরির ঘটনায় এলাকায় নিরাপত্তা উদ্বেগ তৈরি হলেও তিনজনের গ্রেফতারের পর কিছুটা স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। পুলিশ জানিয়েছে, বাকি আসামিকে গ্রেফতার ও সম্পূর্ণ মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।










