‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি’ স্লোগানে হোসেনপুরে ডেঙ্গুবিরোধী র্যালি
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইয়াসিন হাসিব খান, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. ওলিউল্লাহ, ডা. ফাহমিদা জান্নাত, পৌরসভার কর্মচারী সৈয়দুজ্জান খান উজ্জ্বলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
“নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি-পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ হলেও সচেতনতা এবং পরিচ্ছন্নতার মাধ্যমে এর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। বিশেষ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বাড়ির আশপাশে জমে থাকা পরিষ্কার পানি, পরিত্যক্ত টায়ার, ফুলের টব, ডাবের খোসা এবং বিভিন্ন ধরনের পাত্র নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো বলেন, “ডেঙ্গু আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা কিংবা চোখের পেছনে ব্যথার মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা জরুরি।”
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
র্যালি শেষে উপস্থিত জনসাধারণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি সবাইকে নিজ নিজ এলাকায় সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ডেঙ্গুমুক্ত হোসেনপুর গড়ে তুলতে প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা প্রয়োজন।










