করিমগঞ্জের নানশ্রীতে মাদকবিরোধী ঐক্যের ডাক, কঠোর অবস্থানের ঘোষণা
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নানশ্রী এলাকায় মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নানশ্রীকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয় এবং এ লক্ষ্যে নির্দিষ্ট সময়সীমা (ডেডলাইন) ঘোষণা করা হয়।
শনিবার (২০ জুন) নানশ্রী মুদির বাজারে নানশ্রী মাদকবিরোধী ঐক্য পরিষদ-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির।
সংগঠনের সভাপতি মাওলানা মাছুম বিল্লাহ খান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মমিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি নূরে আলম, সমন্বয়কারী রুহুল আমিন এবং এস এম কাউছার।
প্রধান অতিথির বক্তব্যে মো. হুমায়ুন কবির বলেন, নানশ্রীকে মাদকমুক্ত ঘোষণা করতে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এই সময়সীমা অতিক্রমের পর এলাকায় কোনো মাদক কারবারি বা মাদকাসক্তের অবস্থান বরদাশত করা হবে না। তিনি বিভিন্ন এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানের উদাহরণ তুলে ধরে স্থানীয় জনগণকে এ বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা শেষে সংগঠনের ৩০ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে মাদক প্রতিরোধে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, রাত ১১টার পর নানশ্রী এলাকায় কোনো সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গেলে প্রয়োজন অনুযায়ী জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হবে। পাশাপাশি আশপাশের মহল্লা ও পাড়াগুলোর সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ এলাকায় রাতের পাহারার ব্যবস্থা জোরদার করা হবে। মাদকবিরোধী প্রচার-প্রচারণা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভাপতির সমাপনী বক্তব্যে মাওলানা মাছুম বিল্লাহ খান মাদকমুক্ত নানশ্রী গড়ে তুলতে সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।













