কুলিয়ারচরে উত্ত্যক্তের প্রতিবাদ, স্কুলছাত্রীর বাড়িতে ঢুকে মারধর
কিশোরগঞ্জের কুলিয়ারচরে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক স্কুলছাত্রীর বাড়িতে ঢুকে তাকে মারধরের অভিযোগ উঠেছে। উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ছাত্রী ওই ইউনিয়নের একটি হাইস্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
অভিযোগ অনুযায়ী, বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে অনিক মিয়া নামের এক কিশোর লোহার পাইপ নিয়ে ওই ছাত্রীর বাড়িতে ঢুকে অতর্কিতভাবে হামলা চালায়। এর এক দিন আগে মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে মাধবদী কান্দাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় ওই ছাত্রীকে উত্ত্যক্ত করা হয় বলে অভিযোগ করেছে তার পরিবার।
অভিযুক্ত অনিক মিয়া মাধবদী কান্দাবাড়ি এলাকার নজরুল মিয়ার ভাগিনা। সে তার নানার বাড়িতে বসবাস করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরিবারের অভিযোগ, স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় পরদিন ওই কিশোর লোহার পাইপ নিয়ে তাদের বাড়িতে ঢুকে ছাত্রীটির ওপর হামলা চালায়। এতে ছাত্রীটি আহত হয়। তবে তার আঘাতের ধরন ও চিকিৎসা নেওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানা যায়নি।
ঘটনার পর থেকে ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন স্বজনেরা। পরিবারের দাবি, ঘটনার পর ছাত্রীটি মানসিকভাবে ভেঙে পড়েছে এবং আতঙ্কের মধ্যে রয়েছে। আবারও হামলার আশঙ্কায় পুরো পরিবার উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।
এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, ‘ঘটনাটি মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসিন খন্দকার বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তিনি বলেন, ‘কাউকে উত্ত্যক্ত করা ন্যক্কারজনক ঘটনা। আমি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’














Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array