গুম-খুনের মামলা: আজ ট্রাইব্যুনালে বক্তব্য দেবেন অ্যাটর্নি জেনারেল
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রসিকিউশনের তৃতীয় দিনের যুক্তি উপস্থাপন শেষে তিনি এ বক্তব্য দেবেন।
গতকাল মামলার দ্বিতীয় দিনের যুক্তি উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া জিয়াউল আহসানকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত) ঘোষণা করেছিলেন। এ কারণে তিনি সেনানিবাসে প্রবেশ করতে পারতেন না।
চিফ প্রসিকিউটর আরও বলেন, এ ধরনের মানুষকে পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করে দেওয়া উচিত। তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।
যুক্তি উপস্থাপনের সময় ট্রাইব্যুনালে অন্য প্রসিকিউটর ও আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। মামলার যুক্তি উপস্থাপন সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
প্রথম দিনের যুক্তি উপস্থাপনে চিফ প্রসিকিউটর জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েস ও মামলার আরেক সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দি তুলে ধরেন। পাশাপাশি সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার জবানবন্দি উপস্থাপন করে সেনাবাহিনীতে জিয়াউল আহসানের কর্মকাণ্ডের বিষয়টি তুলে ধরা হয়।
সেদিন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, ‘আমি আমার ৩৮ বছরের আইন পেশার জীবনে তিন খুন, সাত খুন, বিডিআর বিদ্রোহের মামলাসহ নির্মম ও ভয়াবহ অনেক মামলার অপরাধী দেখেছি। কিন্তু জিয়াউল আহসানের মতো এরকম “মনস্টার” কাউকে দেখিনি।’
তিনি আরও বলেন, ‘তার নির্মমতার বর্ণনা দিতে গেলে গা শিউরে ওঠে। রক্ত যাতে গায়ে না লাগে, সে জন্য বালিশ ঠেকিয়ে মাথায় গুলি করে অনেককে হত্যা করা হয়। হত্যার পর পেট কেটে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়।’
সুন্দরবন এলাকায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ জিয়াউল আহসানের নেতৃত্বে সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা বিভিন্ন হত্যাকাণ্ডের বিবরণও ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর।
মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিচারকাজে অংশ নেন। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে গুমের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলাটি রায় ঘোষণার পর্যায়ে পৌঁছাবে।













Disqus comments are not configured yet.