রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর ঘোষণা করবে আইসিজে
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। মঙ্গলবার (৩ নভেম্বর) আদালতের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিজের পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় বিচারকদের রায় পাঠের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হবে।
২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। অভিযোগে বলা হয়, ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের লক্ষ্য করে মিয়ানমারের সামরিক বাহিনীর পরিচালিত অভিযান গণহত্যার শামিল। ওই অভিযানের পর প্রাণভয়ে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিতে বাধ্য হন।
জাতিসংঘের একটি অনুসন্ধান কমিশনের প্রতিবেদনে ওই অভিযানে গণহত্যামূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার তথ্য উঠে আসে। তবে মিয়ানমার শুরু থেকেই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। দেশটির দাবি, সন্ত্রাসী কর্মকাণ্ড দমনের লক্ষ্যেই আইনসম্মতভাবে সামরিক অভিযান পরিচালনা করা হয়েছিল।
আইসিজের এই রায় মিয়ানমারের বিরুদ্ধে মামলার নিষ্পত্তির পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে গণহত্যার অভিযোগসংক্রান্ত বিচারিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
বিশেষ করে গাজায় গণহত্যার অভিযোগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার ক্ষেত্রেও রায়টির আইনি তাৎপর্য থাকতে পারে। ওই অভিযোগও অস্বীকার করে আসছে ইসরায়েল।













Disqus comments are not configured yet.