মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় ফের ঊর্ধ্বমুখী তেলের বাজার

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ২:১৭ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় ফের ঊর্ধ্বমুখী তেলের বাজার

আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম। ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার খবর প্রকাশের পর মঙ্গলবার (৩ নভেম্বর) লেনদেনের শুরুতেই বিশ্ববাজারে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম বেড়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী, মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ১টা ৪ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম আগের অবস্থানের তুলনায় ব্যারেলপ্রতি ৪৮ সেন্ট বা ০.৫ শতাংশ বেড়ে ১০৫ ডলার ২৫ সেন্টে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও ৪৭ সেন্ট বা ০.৫ শতাংশ বৃদ্ধি পায়। এতে প্রতি ব্যারেলের দাম দাঁড়ায় ৯৬ ডলার ৯৩ সেন্টে।

এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা যায়। ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮ ডলার ৬৬ সেন্ট বা ৭ দশমিক ৬৩ শতাংশ কমে যায়। দিন শেষে প্রতি ব্যারেল ব্রেন্ট তেলের দাম নেমে দাঁড়ায় ১০৪ ডলার ৭৭ সেন্টে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা এই সামরিক অভিযানকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করেছেন। তাঁদের ভাষ্য, হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলা চালানোর সক্ষমতা কমিয়ে আনাই ছিল অভিযানের অন্যতম উদ্দেশ্য।

জ্বালানি তেলের আন্তর্জাতিক সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে।

ভৈরবে স্বাস্থ্যসেবা ও বাজার ব্যবস্থাপনা উন্নয়নে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
ভৈরবে স্বাস্থ্যসেবা ও বাজার ব্যবস্থাপনা উন্নয়নে জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগ

কিশোরগঞ্জের ভৈরবে জেলা পরিষদের সম্পদ ব্যবস্থাপনা ও সেবামূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করতে বিভিন্ন মার্কেট ও স্বাস্থ্য উপকেন্দ্রের চ্যারিটেবল ডিসপেনসারি পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ মোস্তারী কাদেরী। পরিদর্শনকালে তাঁরা স্থানীয় উন্নয়ন, স্বাস্থ্যসেবার পরিবেশ, বাজার ব্যবস্থাপনা ও জননিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন।

সোমবার (৩ নভেম্বর) সকালে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি ভৈরব উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে আয়োজিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, রাস্তাঘাট যানজট ও হকারমুক্ত রাখা এবং ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। বিশেষ করে যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় মাদক নির্মূলের কার্যক্রমে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের খোঁজখবর রাখা এবং সেবামূলক উদ্যোগগুলোর পরিধি বাড়াতে জেলা পরিষদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

পরিদর্শনের সময় স্বাস্থ্য উপকেন্দ্রের পরিবেশ ও নিরাপত্তা নিয়েও উদ্বেগের বিষয় উঠে আসে। সংশ্লিষ্টদের মতে, স্বাস্থ্য উপকেন্দ্রের ভেতরে ভবঘুরে ও মাদকসেবীদের অবস্থান এবং মশার প্রজননস্থল তৈরি হওয়ার সুযোগ থাকলে তা রোগীদের চিকিৎসাসেবা ও স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে। এ পরিস্থিতি থেকে উপকেন্দ্রকে মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, অননুমোদিত অবস্থান ও আস্তানা অপসারণ এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, জেলা পরিষদ প্রশাসন ও স্থানীয় পর্যায়ে সমন্বিত তদারকি এবং কার্যকর পদক্ষেপের মাধ্যমে ভৈরবের স্বাস্থ্যসেবার পরিবেশ উন্নত হবে। পাশাপাশি বাজার ব্যবস্থাপনা, জননিরাপত্তা ও স্থানীয় উন্নয়ন কার্যক্রমেও ইতিবাচক অগ্রগতি আসবে।

শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জেলা পরিষদ প্রশাসকের

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ
শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জেলা পরিষদ প্রশাসকের

শুধু চাকরির পেছনে না ছুটে অন্যের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে উদ্যোক্তা হওয়ার জন্য যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। তিনি বলেছেন, তরুণদের এমনভাবে নিজেদের প্রস্তুত করতে হবে, যাতে তাঁরা শুধু নিজের কর্মসংস্থান নয়, অন্যদের জন্যও কাজের সুযোগ তৈরি করতে পারেন। এ সময় তরুণ উদ্যোক্তাদের সার্বিক আর্থিক সহায়তার আশ্বাস দেন তিনি।

জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে পিঠা উৎসব, বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব কর্মসূচির উদ্বোধন করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। বিশেষ অতিথি ছিলেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর প্রজিৎ কুমার ধর এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আলাউদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, “তোমরা শুধু চাকরির পেছনে সময় না দিয়ে বরং অন্যকে কীভাবে চাকরি দেবে, সেই উদ্দেশ্য সামনে রেখে কাজ করো।” যুবসমাজকে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের উদ্যোগে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। এ ক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার এবং তাঁদের সার্বিক আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে অতিথিরা একটি আমলকী গাছের চারা রোপণ করেন। পরে প্রশিক্ষণার্থী ও স্থানীয় যুবকদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

কর্মসূচির শেষ পর্বে মহিলা উদ্যোক্তাদের উদ্যোগে আয়োজিত পিঠা উৎসবের উদ্বোধন করেন অতিথিরা। তাঁরা ফিতা কেটে ও কেক কেটে উৎসবের উদ্বোধন করেন। পরে পিঠা উৎসবের বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

করিমগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ রাখায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

হাবিবুর রহমান বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
করিমগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ রাখায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের মরিচখালী বাজারে ওষুধের দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও বিক্রির উদ্দেশ্যে ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রি।

অভিযানকালে ওষুধের দোকানগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বিক্রির উদ্দেশ্যে ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণের অনিয়ম শনাক্ত করা হয়। এ ঘটনায় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় চারটি পৃথক মামলা করা হয়। এসব মামলায় চারটি প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করা হয়েছে।

ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০ ধারার (খ) উপধারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং (গ) উপধারায় ফিজিশিয়ান স্যাম্পলজাতীয় ওষুধ বিক্রি, বিক্রির উদ্দেশ্যে মজুত বা প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

অভিযানে করিমগঞ্জ থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ ওষুধ সরবরাহ নিশ্চিত করা এবং ওষুধ বিক্রিতে আইনানুগ শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও চিকিৎসকদের জন্য নির্ধারিত ফিজিশিয়ান স্যাম্পল সাধারণ মানুষের কাছে বিক্রি ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি প্রয়োজন।