সারা দেশের সঙ্গে কিশোরগঞ্জেও নজরুল বর্ষের উদ্বোধন
সারা দেশের সঙ্গে কিশোরগঞ্জেও আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’-এর উদ্বোধন করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও দর্শনের বহুমাত্রিক অবদান তুলে ধরতে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মের মধ্যে নজরুলের সাম্য, মানবতা, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান একযোগে দেশের ৬৪ জেলা ও নির্বাচিত ৭৪ উপজেলায় ‘নজরুল বর্ষ’-এর উদ্বোধন ঘোষণা করেন।
এ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম, পুলিশ সুপারের প্রতিনিধি নাজমুস সাকিব খান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীত কেবল শিল্পসৃষ্টির অনন্য নিদর্শন নয়; বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, মানবমুক্তি, সাম্য, গণতন্ত্র এবং অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার শক্তিশালী প্রেরণা। বর্তমান সময়েও তাঁর দর্শন সমানভাবে প্রাসঙ্গিক।
বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের কাছে নজরুলের দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, সাংস্কৃতিক চেতনা ও মুক্তচিন্তার আদর্শ পৌঁছে দিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে কিশোরগঞ্জের সাহিত্য-সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ, সংস্কৃতিচর্চার প্রসার এবং মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে জেলা প্রশাসনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে জাতীয় কবির সাম্য ও মানবতার দর্শন তুলে ধরে তাঁর বিখ্যাত কবিতা সাম্যবাদী থেকে উদ্ধৃত করা হয়—
“গাহি সাম্যের গান—
যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান।”
এ ছাড়া তাঁর বিদ্রোহী চেতনার প্রতীকী উচ্চারণ—
“আমি চিরবিদ্রোহী বীর—
বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির।”
উদ্ধৃত করে বক্তারা বলেন, বৈষম্য, অন্যায় ও অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে নজরুলের এই চেতনা আজও সমাজকে পথ দেখায়।
উল্লেখ্য, গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেন।







