সিসিটিভি ফুটেজে শনাক্ত, মসজিদের ফ্যান চুরির মামলায় দুইজন কারাগারে
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ থেকে বিভিন্ন সময়ে ১৭টি সিলিং ফ্যান চুরির ঘটনায় এক অভিযুক্ত এবং চোরাই মাল কেনার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাই হওয়া দুটি সিলিং ফ্যানও উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে হোসেনপুর থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, চলতি বছরের মে মাস থেকে ৯ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ থেকে মোট ১৭টি সিলিং ফ্যান চুরি হয়। এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে উপজেলার পশ্চিম দীপেশ্বর গ্রামের স্বপনের ছেলে পারভেজ মোশারফ ওরফে বেলাকে শনাক্ত করেন। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে পারভেজ মোশারফের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার নতুন বাজার এলাকার হলুদ মিয়ার একটি ইলেকট্রনিক্স দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে চুরি যাওয়া দুটি সিলিং ফ্যান উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে হলুদ মিয়া স্বীকার করেন যে, তিনি পারভেজ মোশারফের কাছ থেকে চারটি সিলিং ফ্যান প্রতিটি ৬০০ টাকা দরে কিনেছিলেন। এর মধ্যে দুটি ফ্যান তিনি ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি করে দিয়েছেন বলে জানান।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, চোরাই মাল ক্রয় ও সংরক্ষণের অভিযোগে হলুদ মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে। পরে দুই আসামিকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।





Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array