অস্থিরতা ঠেকাতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, জবাবদিহিতে মন্ত্রী-এমপিরা
দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র মোকাবেলা এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ও সময়োপযোগী নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি রাজনৈতিক অস্থিতিশীলতা ও নাশকতা ঠেকাতে গোয়েন্দা সংস্থাগুলোকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রী-প্রতিমন্ত্রী ও জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় অবস্থান করে পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাঁদেরও জবাবদিহির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করা হয়েছে।
গতকাল বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। এতে মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশের প্রধান রপ্তানি খাত গার্মেন্টসশিল্প সচল রাখা এবং সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের পক্ষ থেকে কঠোর অবস্থানের কথা জানানো হয়।
মন্ত্রিসভার বৈঠকে তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা এবং শ্রমিকদের অসন্তোষ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক আন্দোলনের নামে বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর ও অযৌক্তিক সড়ক অবরোধের বিষয়গুলো আলোচনায় উঠে আসে।
বৈঠকে বলা হয়, শ্রমিকদের ন্যায্য অধিকার ও জীবনমান উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার নির্ধারিত সময়ের আগেই ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে। আজ মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মজুরি নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগেই এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করাকে অযৌক্তিক বলে মনে করছে সরকার।
বৈঠকে শ্রমিকদের যৌক্তিক দাবি আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে কোনো মহল যাতে শ্রমিকদের ব্যবহার করে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় গোয়েন্দা তথ্য ও মাঠপর্যায়ের প্রতিবেদনের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিষয়টি আলোচনায় আসে। সাধারণ শ্রমিকদের আড়ালে কিছু দুষ্কৃতকারী, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের নেতাকর্মী ও উগ্রপন্থীরা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে বৈঠকে জানানো হয়। দেশের অর্থনীতি ও রপ্তানি বাণিজ্য বাধাগ্রস্ত করতে দেশের ভেতরে ও বাইরে থেকেও উসকানি দেওয়া হচ্ছে বলে আলোচনা হয়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যাতে বিশৃঙ্খলা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানের কথা জানানো হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে, শ্রমিক আন্দোলনের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধ কিংবা জনদুর্ভোগ সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দেশের ভেতরে বা বাইরে থেকে কেউ পোশাকশিল্প কিংবা রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও উসকানি দিলে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রী-প্রতিমন্ত্রী ও জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় অবস্থান করে কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাঁদেরও জবাবদিহির আওতায় আনা হবে বলে সতর্ক করা হয়েছে।
সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানো গুজব ও অপপ্রচার রোধে নজরদারি বাড়ানো এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও সরবরাহব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা ও প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রমিকদের যৌক্তিক দাবির প্রতি সংবেদনশীল থাকার পাশাপাশি কোনো পক্ষ যাতে শ্রমিকদের ব্যবহার করে কারখানায় ভাঙচুর বা অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
শিল্প মালিক ও শ্রমিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিজিএমইএসহ অন্যান্য সংগঠনের নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। শ্রমিকদের কল্যাণ ও মজুরি বোর্ডকে কার্যকরভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে আলোচনার মাধ্যমে তাঁদের দাবি ও প্রত্যাশার বিষয়ে দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া যায়।
এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে সরকারি কাজে গতি আনতে সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ নিজ দপ্তরের গুরুত্বপূর্ণ কার্যক্রমের অগ্রগতি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।
বৈঠকে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা সম্পর্কেও মন্ত্রিসভার সদস্যদের অবহিত করা হয়। পাশাপাশি ভ্যাট আইন, খেজুর আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব অনুমোদন এবং জয়দেবপুর-ময়মনসিংহ ডুয়েল গেজ রেললাইনসহ সরকারের বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।










Disqus comments are not configured yet.