কটিয়াদীতে জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন
কিশোরগঞ্জের কটিয়াদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত একটি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ মে) বিকাল ৪টায় উপজেলার জালালপুর ইউনিয়নে এ কর্মসূচির উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ। কর্মসূচিটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি (EGPP) কর্মসূচির আওতায় বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পের আওতায় জালালপুর-লোহাজুরী সড়ক থেকে লোহাজুরী ইউনিয়নের অড়িয়াধর পর্যন্ত খালটি পুনঃখনন করা হবে। সংশ্লিষ্টরা জানান, খালটি পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, দেশের নদী-নালা, খাল ও জলাধার পুনঃখননের মাধ্যমে পরিবেশ ও কৃষিখাতকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।













