বাজিতপুরে বিশেষ অভিযানে চাঁদাবাজির অভিযোগে দুর্জয় গ্রেফতার
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের পুড্ডা গ্রামের আলোচিত ব্যক্তি মামুন মিয়ার ছেলে নাঈমুল রহমান দুর্জয়কে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ মে) ভোর প্রায় ৪টার দিকে বাজিতপুর থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশের যৌথ অভিযানে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্জয়ের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলার ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়দের অভিযোগ, তিনি ও তার বাবা দীর্ঘদিন ধরে হিলচিয়া বাজার এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন অজুহাতে চাঁদা আদায় করে আসছিলেন। বিশেষ করে বিয়ে-শাদি, ব্যবসা প্রতিষ্ঠান, গবাদিপশু বিক্রি এবং জমি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রেও তাদের চাঁদা দিতে বাধ্য করা হতো বলে অভিযোগ রয়েছে।
এছাড়া চাঁদা দিতে অস্বীকৃতি জানালে একাধিক ব্যক্তিকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগও উঠে এসেছে। স্থানীয়দের দাবি, ব্যবসায়ী উসমান, সাইফুল ও বাগভের গ্রামের শরীফ মিয়াসহ কয়েকজন এ ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। গুরুতর আহত শরীফ মিয়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী টুম্পা আক্তার বাদী হয়ে বাজিতপুর থানায় চাঁদাবাজি ও মারধরের অভিযোগে মামলা দায়ের করেন।
ঘটনার প্রতিবাদে স্থানীয় জনসাধারণ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলও করেন। দীর্ঘদিনের অভিযোগের পর গ্রেফতারের ঘটনায় হিলচিয়া বাজারের ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, “অনেকদিন পর আমরা স্বস্তি পেলাম।”
বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহিদুল্লাহ বলেন, “দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ছিল। মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
গ্রেফতারকৃত দুর্জয়কে বুধবার (৬ মে) কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।













